অতিথি নয়, পরিযায়ী পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিযায়ী পাখি খয়রামাথা গাঙচিল। বঙ্গোপসাগর থেকে তোলা l ছবি: লেখক
পরিযায়ী পাখি খয়রামাথা গাঙচিল। বঙ্গোপসাগর থেকে তোলা l ছবি: লেখক

‘বুঝেছি শীতের রাত অপরূপ, মাঠে-মাঠে ডানা ভাসাবার
গভীর আহ্লাদে ভরা; অশ্বত্থের ডালে-ডালে ডাকিয়াছে বক;
আমরা বুঝেছি যারা জীবনের এই সব নিভৃত কুহক;’
—জীবনানন্দ দাশ
প্রকৃতিতে শীতের আমেজ শুরু হলে ভোরের শিশিরবিন্দু জমে থাকে পাখির ঠোঁটের ডগায়। দূরদিগন্ত থেকে উড়ে আসে অনেক পরিযায়ী পাখি। হেমন্তের পাকা ধানের সুবাস শেষ হলেই উত্তরের হিমেল বাতাসে ভর করে ওরা ভিড় জমায় আমাদের দেশে। এসব পরিযায়ী পাখি হাজার হাজার মাইল দূরের পথ উড়ে আমাদের দেশে আসে তীব্র শীত ও খাদ্যাভাব থেকে বাঁচার জন্য। আসে দূর সাইবেরিযা, মঙ্গোলিয়া, তিব্বত, হিমালয়ের পাদদেশ, চীনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে। আসতে শুরু করে নভেম্বর মাসে এবং এপ্রিল পর্যন্ত থাকে। এই অল্পদিনেই এরা হয়ে যায় আমাদের বন্ধু। দেশের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ওই পাখিরা।
এসব পাখির মধ্যে অধিকাংশই জলচর ও হাঁস-প্রজাতি। বৃক্ষচারী পাখিও আছে, তবে সংখ্যা কম। জীবজগতের মধ্যে পাখিরাই সর্বাধিক পরিযায়ী। শীতের এসব পাখিকে অতিথি পাখি বলেন অনেকে। পাখি অতিথি নয়, পাখি কোনো দেশের নয়। তবে পাখিদের দেশভিত্তিক একটা তালিকা থাকতে পারে। অতিথি পাখি বলে কোনো শব্দ পৃথিবীর কোথাও ব্যবহৃত হয় না। কোনো পাখি একদিন মাত্র কোনো দেশে থাকলে সে পাখিটা সেই দেশের পাখি হয়ে যায়। যে পাখি সারা বছর এ দেশে বাস করে, তাকে আমরা বলি আবাসিক পাখি (Resident Bird)। যে পাখি বছরের পুরোটা সময় এ দেশে না থেকে নিয়মিত বিদেশ ভ্রমণ করে, তাদের পরিযায়ী পাখি (Migratory Bird) বলা হয়। আমাদের দেশে ৬৫০ প্রজাতির পাখির একাংশ গ্রীষ্মে আহার, বাসস্থান ও প্রজননের জন্য হিমালয়ের তুষারঢাকা অঞ্চল হয়ে সুদূর সাইবেরিয়া ও তুন্দ্রা অঞ্চলে চলে যায়। এসব পাখির কোনোটা তিন মাস, কোনোটা ছয় মাস ওই অঞ্চলে থাকে। তারপর আবার দেশে ফেরে। ১০ থেকে ১৫ প্রজাতির যেসব পাখি শীতের সময় দেশে থাকে না, তারা হলো সুমচা ও কোকিল প্রজাতির পাখি।

আমাদের দেশের অনেক জলচর পাখি বিলে বসবাস করে। কিন্তু শীতে জলাশয় শুকিয়ে গেলে এরা দেশের বিভিন্ন জলাশয়ে ছড়িয়ে পড়ে। এদের অধিকাংশই শরালি। বিশ্বের চরম শীতপ্রধান এলাকাগুলোর ক্ষেত্রেও এমনটি ঘটে। খাদ্য ও প্রজননের অনুপযোগী হয়ে পড়লে সেসব এলাকা থেকে পাখিরা উষ্ণমণ্ডলীয় এলাকায় যায়। শীতে বাদাভূমিগুলো শুকিয়ে যায়। ফলে এ সময়টা পাখিদের জন্য দুঃসময়।
পাখি হলো প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, আমাদের অনেক উপকারও করে। ফসলে ভাগ বসিয়ে পাখিরা মানুষের যেটুকু ক্ষতি করে, উপকার করে তার চেয়ে অনেক অনেক বেশি। পরিযায়ী পাখিদের জীবন আজ হুমকির সম্মুখীন। এসব পাখি দেশান্তরি হওয়ার আগে প্রচুর পরিমাণে আহার করে শরীরে চর্বি জমায়। কিন্তু এ সঞ্চয় দিয়ে তারা গন্তব্যে পৌঁছাতে পারে না, পথে বিভিন্ন স্থানে যাত্রাবিরতি করে খাবার খায়। কিন্তু প্রতিবছরই দেখা যায় আগের বছরের অনেক জায়গা বসবাস বা খাবার সংগ্রহের উপযোগী থাকে না। ইতিমধ্যে একটানা পথ পাড়ি দিতে গিয়ে তারা দুর্বল হয়ে পড়ে। এভাবে দুর্বল ও অসুস্থ হয়ে বহু পাখি মারা যায়। পরিযায়ী পাখিরা আমাদের দেশেও এখন নিরাপদ নয়। মানুষের অজ্ঞতা ও অসচেতনতার ফলে এ দেশে পরিযায়ী পাখিরা আজ বিপন্ন। প্রতিবছর চোরা শিকারিরা বিপুল পরিমাণে পরিযায়ী পাখি শিকার করে, ফলে দিনে দিনে বাংলাদেশে পাখি আসা কমে যাচ্ছে।