সকাল ৯টা বেজে ৩০ মিনিট। ক্যামেরা হাতে ফোল্ডিং চেয়ারে বসে আছি মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল বন বিটের নাম না জানা এক পাহাড়ের ওপর। সঙ্গে থাকা অন্য দুই পক্ষী আলোকচিত্রী আশপাশে কোথাও অবস্থান নিয়েছে বিরল ও দুর্লভ পাখির সন্ধানে।
আমার সামনে শতবর্ষী এক পাকুড়গাছ। গাছে নানা প্রজাতি ও বর্ণের পাখির মেলা বসেছে যেন! তবে আমি মূলত যার খোঁজে এখানে এসেছি, তার দেখা এখনো পাইনি। তাই অধীর আগ্রহে শতবর্ষী গাছটির দিকে তাকিয়ে আছি। এমন সময় পাকুড়গাছের ডাল থেকে ছোট্ট আকারের একটি পাখি উড়ে এসে আমার বাঁ দিকের একটি গাছে বসল। দ্রুত চেয়ার ছেড়ে উঠে ওর দিকে ফোকাস করে ক্যামেরায় ক্লিক করতে যাচ্ছি, এমন সময় সে উড়াল দিল। কিন্তু সঙ্গে সঙ্গেই ক্যামেরার ফ্রেমে ভেসে উঠল আরেকটি ছোট্ট পাখির অবয়ব। জলপাই বাদামি রঙের পাখিটির কালচে গলায় কমলা রঙের একটি কণ্ঠহার দেখলাম যেন! ওর কপাল ও ভ্রু ছিল সাদা। এমন পাখি প্রথম দেখলাম। কাজেই এক মিনিটও দেরি না করে ক্যামেরার শাটারে ক্লিক করে গেলাম। মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে পাখিটি পালাল; সারা দিনেও আর এল না। যদিও তাৎক্ষণিকভাবে পাখিটিকে শনাক্ত করতে পারলাম না, কিন্তু ঢাকায় ফিরে ওর পরিচয় নিশ্চিত হলাম। এ বছরের ৪ জানুয়ারির ঘটনা।
সাগরনালের পাহাড়ে দেখা কমলাকণ্ঠী ও সাদা কপালের পাখিটি এ দেশের একটি অতিবিরল ও অনিয়মিত পরিযায়ী পাখি। ইংরেজি নাম রুফাস-গরজেটেড বা অরেঞ্জ-গরজেটেড ফ্লাইক্যাচার। পাখিটির তেমন কোনো প্রচলিত জুতসই বাংলা নাম নেই। ইংরেজি নামের অনুবাদ করে কেউ কেউ শিয়ালেবুক চটক বা লালমালা চুটকি নাম দিয়েছেন। পশ্চিমবঙ্গে বলে কমলাকণ্ঠী চুটকি। তবে আমার কাছে কমলাকণ্ঠী চটক নামটিই যুক্তিযুক্ত বলে মনে হয়। মাসসিক্যাপিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Ficedula strophiata। ভারত, নেপাল, ভুটান, চীন, মিয়ানমার, লাওস, ভিয়েতনামসহ দক্ষিণ, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের পাখিটি শীতে এ দেশে আসে।
শীতে সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বন ও বনের আশপাশে এদের দেখা যায়। অবশ্য ঢাকা বিভাগের মধুপুরের পত্রঝরা বনেও দেখার তথ্য রয়েছে। লাজুক পাখিগুলো সচরাচর একাকী বা জোড়ায় বিচরণ করে। দিবাচর পাখিগুলো গাছের নিচু ডালে চুপচাপ বসে থাকে। মাঝেমধ্যেই লেজ টান টান করে। খোলামেলা ও ঘন সবুজ পাহাড়ি বনের মধ্যে চাঁদোয়া বা বৃক্ষতলে জন্মানো নিচু ঝোপঝাড় ও লতাগুল্ম থেকে কীটপতঙ্গ শিকার করে খায়। মাঝেমধ্যেই লেজ-ডানা কাঁপায় ও মেলে ধরে। ধাতব কণ্ঠে অবিরাম ‘টিক-টিক-টিক...’ শব্দে ডাকে।