
ফেনী ও চট্টগ্রামের সীতাকুণ্ডের বন্যাকবলিত এলাকা থেকে গতকাল শনিবার পানি নামতে শুরু করেছে। তবে প্লাবিত হয়েছে নতুন এলাকা। ফেনীর পরশুরামের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ফুলগাজীর বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে ছাগলনাইয়ার চারটি গ্রাম। প্রতিবেদন পাঠিয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা।
ফেনীর পরশুরামের বন্যাকবলিত ছয়টি গ্রাম থেকে গতকাল সকালে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে ফুলগাজীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাহাড়ি ঢলের পানি অব্যাহত থাকায় উপজেলায় কহুয়া ও মুহুরী নদী বেড়িবাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার বৈরাগপুর, জগৎপুর ও উত্তর শ্রীচন্দ্রপুর এলাকায় বন্যার পানি বেড়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা হিসেবে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার জন্য ৭০ মেট্রিকটন চাল ও ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা বলেন, উপজেলার মুহুরী ও কহুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ২২টি গ্রামের আমন, রোপা, বীজতলা ও পুকুর তলিয়ে গেছে। এসব গ্রামে এখনো পানি বাড়ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলগাজী উপজেলার জন্য নগদ ১ লাখ টাকা ও ৪৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
পরশুরামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা ও ১৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চারটি গ্রাম পাহাড়ি ঢলের পানিতে নতুন করে প্লাবিত হয়েছে বলে জানান ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জলাবদ্ধ আট ইউনিয়নের বেশির ভাগ এলাকার পানি নেমে গেলেও মুরাদপুর, পৌর সদর ও সৈয়দপুরের কিছু কিছু জায়গায় সড়কের ওপর এখনো পানি দেখা গেছে। এখনো বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি উপজেলা প্রশাসন। উপজেলার পশ্চিম মুরাদপুর, পৌর সদরের গোলাবাড়িয়া এলাকায় সড়ক গতকাল দুপুর পর্যন্তও পানিতে ডুবে ছিল।
সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর চেয়ারম্যানরা ক্ষয়ক্ষতির হিসাব দেননি। হিসাব পেলে ত্রাণ কার্যক্রম শুরু হবে।