অন্ধ্রের দিকে অগ্রসর হচ্ছে কায়ান্ট
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ সামান্য পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি ভারতের অন্ধ্র প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।
কায়ান্টের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ জানান, ঘূর্ণিঝড়ের অবস্থান অনেক দূরে। তাই এখন পর্যন্ত ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এর গতিপথও বাংলাদেশের দিকে নয়।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কায়ান্ট আজ বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটের ঘূর্ণিঝড় কায়ান্টের গতিপথের যে চিত্র দেওয়া হয়েছে, তাতে দেখা যায়, ঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশের দিকে অগ্রসরমাণ। নতুন করে গতিপথ পরিবর্তন না হলে কায়ান্ট অন্ধ্র প্রদেশে আঘাত হানার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কায়ান্টের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় হালকা মাত্রার বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।