অবাধে ঢুকছে বিদেশি জাহাজের বর্জ্যতেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে প্রতিদিন বৈধ ও অবৈধভাবে ঢুকছে বিদেশি জাহাজের বিষাক্ত বর্জ্যতেল। এর খালাস থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত নেই কোনো তদারকি। পুনঃশোধন না করেই ব্যবহার করা হচ্ছে যেখানে-সেখানে। এতে মারাত্মক দূষণ হুমকিতে পড়ছে পরিবেশ।
বিভিন্ন জাহাজ কোম্পানি ও বন্দরসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্যমতে, উন্নত দেশগুলোর বন্দরগুলোতে জাহাজের বর্জ্যতেল অপসারণ বা খালাসে নির্ধারিত মাশুল গুনতে হয় জাহাজ মালিককে। অথচ এ কাজে চট্টগ্রাম বন্দরে কোনো মাশুল দিতে হয় না। উল্টো বর্জ্যতেল নিতে কাড়াকাড়ি পড়ে এ কাজের অনুমতি পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে। তেল পেয়ে অনেক সময় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উপহারসামগ্রী দেয় জাহাজের মাস্টারদের। এ অবস্থায় ক্ষতিকর এই তেল অপসারণে মাস্টারদের প্রথম পছন্দ হয়ে উঠছে চট্টগ্রাম বন্দর।
চট্টগ্রাম কাস্টমসের তথ্যমতে, প্রতিবছর এই বন্দরে আসা বিদেশি জাহাজগুলোর প্রায় ২৭ শতাংশ থেকে খালাস করা হয় বর্জ্যতেল। গত অর্থবছর বন্দর দিয়ে বিদেশি জাহাজ চলাচল করেছে ২২৯৪টি। এর মধ্যে বর্জ্যতেল অপসারণ করা হয়েছে ৬৪৩টির। তেলের পরিমাণ ৩৬১৫ টন। আর চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১৭৬টি জাহাজ থেকে খালাস করা হয় ৮৬৮ টন।
অনুসন্ধানে জানা গেছে, অবৈধভাবেও জাহাজ থেকে খালাস করা হচ্ছে বর্জ্যতেল। এর পরিমাণ আরও বেশি। কোস্টগার্ড গত অর্থবছরে আটক করেছে প্রায় পাঁচ লাখ লিটার তেল। এর মধ্যে অবশ্য ভালো মানের জ্বালানি তেলও রয়েছে।
জাহাজের ইঞ্জিনসহ যন্ত্রপাতিগুলো থেকে চুইয়ে পড়া ও নানা কাজে ব্যবহৃত জ্বালানি তেলের একটি অংশ জমা হয় নির্ধারিত ট্যাংকে। জমে যাওয়ার পর এসব সরিয়ে নিতে জাহাজের স্থানীয় প্রতিনিধিকে তাগিদ দেন ক্যাপ্টেন। এরপর প্রতিনিধিরা তেল খালাসে বন্দরের সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করেন।
বর্জ্যতেল খালাসের জন্য কাগজ-কলমে পরিবেশ অধিদপ্তর, বন্দর ও কাস্টমস থেকে অনুমতি নিতে হয়। কিন্তু অনুমতির পর তেল খালাস থেকে শুরু করে ব্যবহারের পর্যায় পর্যন্ত পরিবেশ ও নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি নিয়ে কার্যত কোনো তদারকি নেই।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) শহীদুল আলম বলেন, ১২টি শর্তে বর্জ্যতেল খালাসের অনুমোদন দেওয়া হয়। তবে জনবল সংকটে প্রতিষ্ঠানগুলো এসব শর্ত মানে কি না, তা যাচাই করা যাচ্ছে না।
পরিবেশের ক্ষতি ও দুর্ঘটনার ঝুঁকি: খালাস করা বর্জ্যতেল প্রক্রিয়াজাত করা ছাড়াই বিক্রি হয় চা-বাগান, বয়লার, ইটভাটা, ইঞ্জিনচালিত নৌকায় ব্যবহারের জন্য। মানভেদে টনপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হয় এই তেল।
পরিবেশ দূষণ ছাড়াও জাহাজ থেকে বর্জ্যতেল অপসারণ, পরিবহন ও মজুতের সময় অগ্নিকাণ্ডের ঝুঁকিও থাকে। অথচ দক্ষ লোকবলের অভাব সত্ত্বেও গণহারে প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে। এই সংখ্যা এখন পর্যন্ত ৯৯৭টি। ফলে রয়ে গেছে দুর্ঘটনা ঝুঁকিও।
ক্ষতিকারক পদার্থের ফলে সৃষ্ট পরিবেশ দূষণ নিয়ে গবেষণা করেন চট্টগ্রাম সরকারি মুহসীন কলেজের শিক্ষক ইদ্রিস আলী। তিনি বলেন, জাহাজের বর্জ্যতেলে ৩০-৩৫ ধরনের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে। পুনঃশোধন ছাড়াই এর ব্যবহারের ফলে এই তেল মাটি, পানি ও বায়ুতে ছড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। ধ্বংস হচ্ছে নদীর জীববৈচিত্র্য, ভূমির উর্বরতা শক্তিসহ নানা গুণ।
বিপজ্জনক পণ্যের একটি বর্জ্যতেল: আন্তর্জাতিক নৌ-সংস্থা প্রণীত ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম ডেঞ্জার্স গুডস কোড’ অনুযায়ী, বিপজ্জনক পণ্যের আটটি শ্রেণির মধ্যে বর্জ্যতেলের অবস্থান তৃতীয়। অথচ এটি সংগ্রহে খালাসকারক বা আমদানিকারকদের ওপর কার্যত নেই কোনো কড়াকড়ি।
নৌবাহিনীর ‘ডিজি কার্গো’ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আমদানি পর্যায়ে বিপজ্জনক পণ্য খালাসে তদারকি করা হয়। কিন্তু জাহাজের বর্জ্যতেল অপসারণে এমন নিয়ম নেই।
শোধন ব্যবস্থা থাকলেও কার্যকারিতা নেই: পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে চার বছর আগে বন্দরে ৪০ কোটি টাকায় নেওয়া হয় একটি প্রকল্প। এতে বর্জ্যতেল সংগ্রহ করে প্রক্রিয়াজাত করার ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু বন্দর কর্তৃপক্ষ সাগরে কোনো জাহাজডুবি বা দুর্ঘটনার কারণে তেল নিঃসরণ ঘটলেই কেবল এই ব্যবস্থা গ্রহণ করে।
বিষয়টি নিয়ে বন্দর বোর্ডের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম শাহজাহান বলেন, নির্ধারিত মাশুল দিয়ে বর্জ্যতেল প্রক্রিয়াজাত করার ব্যবস্থা আছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে না আসায় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সাবেক পরিচালক ও বর্তমানে চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. জাফর আলম বলেন, ‘আমরা এভাবে গণহারে বর্জ্যতেল গ্রহণ করব কি না, সে বিষয়ে প্রথমে সিদ্ধান্ত নেওয়া দরকার। এ জন্য বর্জ্যতেল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা উচিত। উন্নত বিশ্বে বর্জ্যতেল অপসারণের কাজটি ব্যয়বহুল। তাই এ দেশে এসব খালাসের প্রবণতা বেশি কি না, তা-ও খতিয়ে দেখা দরকার।’