
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অব্যবহৃত জায়গাগুলো বসতবাড়ির ময়লা ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের পাশের প্রায় ১১ একর জায়গা অযত্নে পড়ে আছে। এর প্রায় অর্ধেক অংশ পরিণত হয়েছে ডোবায়। ডোবার কিনারা ঘেঁষে ফেলা হচ্ছে বসতবাড়ির ময়লা-আবর্জনা। ডোবার পুরো জায়গায় গজিয়েছে আগাছা। ডোবার নোংরা পানি থেকে ভেসে আসছে দুর্গন্ধ। সেখানে করা হচ্ছে হাঁস-মুরগি পালন। ডোবার কিনারা ঘেঁষে করা হচ্ছে সবজি চাষ। ডোবার পাশের মাঠ পুরোটাই ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। মাঠের মাঝে বসানো হয়েছে বৈদ্যুতিক খুঁটি। শুকাতে দেওয়া হয়েছে কাপড়। বেশ কয়েক জায়গায় সৃষ্টি হয়েছে গর্তের।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন রজনীগন্ধার পাশের ডোবাটিরও একই অবস্থা। সেখানে নোংরা পানি জমে আছে। পুরো জায়গায় গজিয়েছে আগাছা। আবাসিক ভবন পায়রা ও দোলনচাঁপার পাশের ডোবা দুটিও সংস্কারের অভাবে পচা পানিতে দুর্গন্ধময় হয়ে আছে। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আগে ফাঁকা জায়গাগুলোতে উন্নত প্রজাতির ধান চাষ করা হতো। এখন তাও করা হয় না। দীর্ঘদিন ধরে অবহেলায় ফেলে রাখার কারণে জায়গাগুলোর বেহাল অবস্থা।
প্রশাসনসূত্রে জানা যায়, আবাসিক ভবনগুলোর পাশের ফাঁকা জায়গাগুলোতে নতুন করে ভবন তৈরি করা হবে। ভবনগুলো তৈরি হলে ফাঁকা জায়গাগুলোরও ব্যবস্থা হবে এবং শিক্ষক ও কর্মকর্তাদের আবাসিক সমস্যার অনেকটা সমাধান হবে। ছাত্র-শিক্ষক মিলনায়তনের সামনে আরও একটি মিলনায়তন তৈরির পরিকল্পনা করা হচ্ছে; যা পরবর্তী সময়ে ভাড়া দেওয়া হবে। শিক্ষার্থীদের আবাসিক সমস্যার সমাধান করার জন্য আরও একটি নতুন হল তৈরির পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, প্রতিবছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফিসহ অন্যান্য খরচ বাড়িয়ে চলেছে। ফাঁকা জায়গাগুলো উৎপাদনশীল কাজে ব্যবহার করে কর্তৃপক্ষ তাদের আয় বৃদ্ধি করতে পারে। অথচ জায়গাগুলো অবহেলায় পড়ে আছে।
স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মাহমুদুল হাসান অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অব্যবহৃত জায়গাগুলো ব্যবহার করেও কর্তৃপক্ষ তাদের আয় বাড়াতে পারে। অথচ তা না করে ফেলে রাখা হয়েছে অব্যবহৃত অবস্থায়।’
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি প্রধান প্রকৌশলী আজিজুর রহমান বলেন, ‘শিক্ষক কোয়ার্টারের আশপাশের ফাঁকা জায়গাগুলোতে নতুন আবাসিক ভবন তৈরির পরিকল্পনা করা হয়েছে। উদ্যানতত্ত্ব বিভাগের পাশের ফাঁকা জায়গায় একটি গ্রিনহাউস ও গবেষণার মাঠ তৈরি করা হবে।’