অর্থায়ন নিয়ে জটিলতা কাটছে না
জলবায়ু চুক্তির খসড়া চূড়ান্ত করতে গিয়ে অর্থায়ন নিয়ে জটিলতা কাটছে না। এ কথা স্বীকার করেছেন খোদ কপ-২১ সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
আবার শিল্পোন্নত দেশগুলোও নিজেদের সুবিধা অনুযায়ী নানা শর্ত ও বিষয় চুক্তির খসড়ায় যুক্ত করেছে। বাংলাদেশ এবং স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের দাবিগুলো চুক্তিতে আছে, তবে তা ব্র্যাকেটবন্দী বা বিকল্প হিসেবে। চুক্তিটি চূড়ান্ত হওয়ার সময় ক্ষতিগ্রস্ত দেশগুলোর অস্তিত্ব রক্ষার এই দাবিগুলো শেষ পর্যন্ত না-ও থাকতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা।
সম্মেলনের এখন প্রায় শেষ সময়। কিন্তু ‘এখনো কিছু’ জটিলতা রয়ে গেছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ। তিনি বলেন, ‘জটিলতাগুলো নিয়ে আমরা জানি। এসব অর্থায়ন-সংক্রান্ত। এ ছাড়া অনেকেরই বাধা আছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিপূরণ নিয়ে এই বাধা।’
ওলাঁদ বলেন, এই অন্তিম মুহূর্তে এসে সমঝোতাকারীদের স্মরণ করা উচিত, কেন তাঁরা এখানে এসেছেন। তাঁরা কেবল এখানে তাঁদের দেশের প্রতিনিধিত্ব করার জন্য নেই, ভবিষ্যতে এই গ্রহের অস্তিত্ব নিয়ে তাঁদের ভাবতে হবে।
এদিকে শিল্পোন্নত দেশগুলো সম্মেলন শেষ হওয়ার আগের দিন স্বল্পোন্নত ও দরিদ্র দেশগুলোকে নিজেদের দলে টানতে একের পর এক নতুন নতুন প্রস্তাব ও উদ্যোগ শুরু করেছে। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নেতৃত্বে প্যারিস সম্মেলন সফল করার ঘোষণা দিয়ে ‘প্যারিস টকস’ নামের একটি নতুন জোটের ঘোষণা দেওয়া হয়েছে। আফ্রিকান ইউনিয়ন, স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর জোট এলডিসি ইতিমধ্যে ওই জোটে যোগ দিয়েছে। জলবায়ু বিপন্ন দেশগুলোর জোট সিভিএফ ওই জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে শিল্পোন্নত রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তন খাতে তাদের সহায়তার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। গত দুই দিনে যুক্তরাষ্ট্র, জার্মানি, নরওয়েসহ মোট ১৮টি দেশ তাদের এ খাতে সহায়তার পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে। ওই তহবিলের বড় অংশ স্বল্পোন্নত রাষ্ট্রগুলোকে প্যারিস চুক্তির বিভিন্ন শর্তে রাজি হতে প্রভাবিত করতেই ঘোষণা দেওয়া হচ্ছে বলে নাগরিক সংগঠনগুলো মনে করছে।
এ ব্যাপারে প্যারিসে অবস্থানরত বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ মনে করছেন, প্যারিস চুক্তির খসড়ায় বাংলাদেশের অনেকগুলো দাবি যুক্ত হয়েছে। অভিযোজন খাতে সমান বরাদ্দ রাখা, স্বল্পোন্নত রাষ্ট্রগুলোকে তহবিলের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া, এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা দেড় ডিগ্রির বেশি বাড়তে না দেওয়ার দাবিগুলো এতে যুক্ত করা হয়েছে।
তবে ওই দাবিগুলো তো ব্র্যাকেটবন্দী বা বিকল্প হিসেবে রাখা হয়েছে। শিল্পোন্নত রাষ্ট্রগুলোর দাবিগুলো চুক্তিতে প্রাধান্য দেওয়া হয়েছে। এই তথ্য উল্লেখ করে মতামত জানতে চাইলে পরিবেশসচিব বলেন, ‘চুক্তিতে বাংলাদেশের দাবিগুলো যাতে থাকে, সে ব্যাপারে আমরা সজাগ আছি।’
এদিকে গতকাল প্যারিস চুক্তি নিয়ে শিল্পোন্নত ও দ্রুত উন্নয়নশীল বড় অর্থনীতির দেশগুলোর রাষ্ট্রপ্রধান পর্যায়ে একাধিক ফোনালাপ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যেও নানা দ্বিপক্ষীয় আলোচনা চলছে। প্যারিসে একটি মুখরক্ষার চুক্তি হলেও শিল্পোন্নত দেশগুলো করতে চাইছে।
তবে ওই চুক্তির নাম কী হবে, তা নিয়েও শিল্পোন্নত ও স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে রশি টানাটানি চলছে। শিল্পোন্নত রাষ্ট্রগুলো চুক্তিটিকে ‘প্যারিস আউটকাম’ হিসেবে নাম দিতে চাইছে। এতে চুক্তিটি আইনি বাধ্যবাধকতাসহ হবে না। কিন্তু স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর পক্ষ থেকে চুক্তিটির নাম অ্যাগ্রিমেন্ট বা প্রটোকল দিতে চাইছে। এতে আইনি বাধ্যবাধকতাসহ চুক্তি হিসেবে এটি স্বীকৃতি পাবে।
জানতে চাইলে প্যারিস সম্মেলনে আসা কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, সম্মেলনে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও দ্রুত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারত, চীন, মালয়েশিয়া চাইছে যাতে আইনি বাধ্যবাধকতাসহ চুক্তি না হয়। এই রাষ্ট্রগুলো এখন বাংলাদেশের মতো স্বল্পোন্নত রাষ্ট্রগুলোকে তাদের পক্ষে আনতে নানা ধরনের তহবিলের প্রলোভন দিচ্ছে। ওই ফাঁদে পা দিলে শিল্পোন্নত দেশগুলো আরও বেশি কার্বন নিঃসরণ করে বিশ্বের তাপমাত্রা অনেক বেশি বাড়ানোর বৈধতা পেয়ে যাবে।