অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরপরই দক্ষিণের মেয়র প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক বছরের মধ্যে তাঁর এলাকায় জলাবদ্ধতার স্থায়িত্ব ও উচ্চতা কমবে। উত্তরের মেয়র বলেছিলেন, আস্তে আস্তে কমবে, তবে স্থায়ী সমাধানে বছর দুয়েক সময় লাগবে।
কিন্তু নর্দমা, বক্স-কালভার্ট, ম্যানহোল পরিষ্কার, বর্জ্য অপসারণসহ মেয়রদ্বয় এ ব্যাপারে বেশ কিছু উদ্যোগও নিয়েছেন। তবে জলাবদ্ধতা নিরসনে তা যথেষ্ট কার্যকর হচ্ছে না। চলতি বছর যে কয়েক দিন অল্প ও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে, তাতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়েছে।
গত বছরের ৬ মে দায়িত্ব নেওয়ার পর দুই মেয়রই বারবার মুখোমুখি হয়েছেন জলাবদ্ধতার। দক্ষিণের মেয়র সাঈদ খোকন জলাবদ্ধতা হলে ছুটে গেছেন প্রধানত শান্তিনগর। উত্তরের মেয়র আনিসুল হক গুলশান ও আশপাশের এলাকায়।
গত বছরের ১১ জুন সকালে ৪৫ মিনিটে ৬৪ মিলিমিটার (প্রায় তিন ইঞ্চি) বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল রাজধানীর প্রায় অর্ধেক অংশ। ওই দিন দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন শান্তিনগর এলাকায় গিয়ে হাঁটুর ওপরে পানি দেখতে পান। এলাকার স্থানীয় বাসিন্দা ও দোকানিরা তাঁকে জানান, ভারী বৃষ্টি হলে সেখানে পাঁচ থেকে সাত ঘণ্টা পর্যন্ত জলাবদ্ধতা থাকে। অথচ এর আগে এক বৈঠকে ঢাকা ওয়াসার প্রতিনিধি তাঁকে জানিয়েছিলেন, বৃষ্টি হলে শান্তিনগরের পানি এক ঘণ্টার মধ্যে সরে যায়।
মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেছিলেন, জলাবদ্ধতা কমাতে কার্যকর প্রকল্প হাতে নেওয়া হবে। উদ্যোগ নেওয়া হবে সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার মধ্যে সমন্বয়ের। এর অংশ হিসেবে দক্ষিণ সিটি করপোরেশন শান্তিনগরসহ জলাবদ্ধতা সৃষ্টি হয়—এমন এলাকাগুলোর ভূ-উপরিস্থ নর্দমা ও ম্যানহোল পরিষ্কার করেছে এবং এখনো করছে বলে জানিয়েছে। ঢাকা ওয়াসা গত বছরের সেপ্টেম্বর থেকে সেগুনবাগিচার বক্স-কালভার্ট পরিষ্কার করছে। প্রতি মাসে গড়ে প্রায় সাত টন আবর্জনা ওঠানো হচ্ছে বলেও ওয়াসা থেকে দাবি করা হচ্ছে। যদিও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেছেন, জলাবদ্ধতা দূর করা ওয়াসার দায়িত্ব নয়। ওয়াসার কাজ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন। তার পরও তাঁরা জলাবদ্ধতা রোধে কাজ করেন।
উত্তর সিটি করপোরেশনও নালা-নর্দমা পরিষ্কার করেছে বলে দাবি করছে। গুলশান-বনানীর জলাবদ্ধতা কমাতে সেখানে দীর্ঘ ও গভীর স্ট্রম স্যুয়ারেজ লাইনও করা হচ্ছে।
দুই সিটি করপোরেশন থেকেই বলা হচ্ছে, ভরা বর্ষায় বোঝা যাবে, তাদের প্রস্তুতি যথাযথ কি না। তবে বর্ষার আগেই গত আড়াই মাসে যে কয়েক দিন বৃষ্টি হয়েছে, তাতে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি বেলা তিনটার দিকে মাত্র আট মিলিমিটার বৃষ্টিতে শান্তিনগর ও আশপাশের এলাকার রাস্তাঘাট হাঁটু পানিতে তলিয়ে যায়। বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণেও পানি জমে যায়। জলাবদ্ধ হয় গুলশানেও। প্রগতি সরণিতে আগে জলাবদ্ধতা হতো না। এখন অল্প বৃষ্টিতেই হচ্ছে। ১ মে সন্ধ্যার বৃষ্টিতেও শান্তিনগর জলাবদ্ধতা থেকে রেহাই পায়নি।