
মাথায় লালটুপি পরা রাঙ্গামুড়ি হাঁসদের প্রথম দেখি সিলেট বিভাগের টাঙ্গুয়ার হাওরে। শীতের এই পরিযায়ী পাখিগুলো সচরাচর অক্টোবর-নভেম্বরে এ দেশে আসে এবং মার্চ-এপ্রিলে মূল আবাস এলাকায় চলে যায়। গত এপ্রিলে এদেরই তিনটিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দেখেছিলাম। এ মাসে রাজশাহীতে সদলে পাখি খুঁজতে খুঁজতে পদ্মার চরে এ রকম একটি হাঁসের সন্ধান মিলল। কিন্তু এই অসময়ে ও এখানে কী করছে, কেন সঙ্গীদের সঙ্গে চলে যায়নি? পক্ষী বিশেষজ্ঞদের মতে, এ দেশে আসা বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরা যখন ফিরে যায় তখন দলছুট হয়ে কিছু পাখি এ দেশে থেকে যায়। এদের সংখ্যা নিতান্তই কম। আবার কোনো কারণে আঘাত পেলে বিশেষত শিকারির গুলির আঘাতে ডানা ভেঙে গেলে থেকে যেতে পারে।
এ দেশে বিশেষত সিলেট অঞ্চলে এরা মৌলভি হাঁস নামেই বেশি পরিচিত। স্ত্রী-পুরুষনির্বিশেষে মাথার ঝুঁটিটি দেখলে মনে হবে যেন মাথায় টুপি পরে আছে, তাই এই নাম। এ ছাড়া বজ্রমুড়ি বা লালঝুঁটি ভুতিহাঁস নামেও পরিচিত। ইংরেজি নাম Red-crested Pochard। Anatidae পরিবারের হাঁসটির বৈজ্ঞানিক নাম Netta rufina।
এরা দেখতে খুবই সুন্দর। হাঁসা আকারে বড় হয়। দেহের দৈর্ঘ্য ৫০-৬৫ সেন্টিমিটার এবং প্রসারিত ডানা ৮৫-৯০ সেন্টিমিটার। হাঁসার মাথা বড়। প্রজননকালে মাথার টুপি লালচে-কমলা ধারণ করে। গলার ওপরটা হয় গাঢ় খয়েরি। ঘাড়, গলার নিচ, বুক, পেট-তলপেট ও কোমর কালো। পিঠ ধূসর-বাদামি। দেহের দুই পাশ সাদা। লেজ কালো ও লেজের আগা ধূসর। ঠোঁট গোলাপি-লাল। হাঁসির মাথার টুপি খয়েরি। পুরো দেহ হালকা ধূসর-বাদামি। গাল, গলা ও লেজের তলা সাদা। হাঁসার চোখ লাল, হাঁসির কালো। অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের দেহের রং গাঢ়, পেট বহুরঙা ও ঠোঁট কালচে।
রাঙ্গামুড়ি হাঁস সচরাচর দৃশ্যমান পরিযায়ী পাখি। মূল আবাস ইউরোপ, তুরস্ক, চীন, মঙ্গোলিয়াসহ এশিয়ার আরও কয়েকটি দেশ। সাধারণত শীতকালে আমাদের দেশে দেখা যায়। সচরাচর একক বা মিশ্র দলে বিচরণ করে। জলজ আগাছা, উদ্ভিদ, শৈবাল ইত্যাদি মূল খাবার।
এপ্রিল থেকে জুলাই প্রজননকাল। জলাশয় বা হ্রদের পাশে লতাপাতার মধ্যে ঘাসের স্তূপ দিয়ে বাসা তৈরি করে তাতে পালকের আস্তরণ দেয়। ডিম পাড়ে ৮-১২টি, ডিমের রং হালকা সবুজ যা ফোটে ২৬-২৮ দিনে। বাচ্চারা ৩৫-৪০ দিনে উড়তে শেখে ও ৪৫-৫০ দিনে স্বাবলম্বী হয়ে যায়। এক-দুই বছরে প্রাপ্তবয়স্ক হয়। বুনো পরিবেশে চার-সাত বছর বাঁচে।
এরা একসময় বাংলাদেশে প্রচুর সংখ্যায় আসত। কিন্তু বর্তমানে তুলনামূলকভাবে কম আসে। জলাশয়-বিল-হাওর-বাঁওড় মাছের খামারিদের হাতে চলে যাওয়া, শিকারির উৎপাত তো আছেই। নামার জায়গার সংকটও আছে।