অসময়ের বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা

অসময়ের বৃষ্টিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও গাজীপুরের শ্রীপুর উপজেলায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সোনারগাঁয়ে আলুর বীজতলায় পানি জমে গেছে। শ্রীপুরে নিচু জমির শাকসবজি ও ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
জানা যায়, সোনারগাঁ উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মেঘনা নদীবেষ্টিত চর কিশোরগঞ্জ ও চর হোগলা গ্রাম। মুন্সিগঞ্জ সদর উপজেলার পাশে হওয়ায় এই দুই চরে আলুর ভালো ফলন হয়। এসব চরের কৃষকেরা সব সময় আগাম আলুসহ শীতকালীন অন্যান্য শাকসবজি চাষ করেন। গত তিন দিনের টানা বৃষ্টিতে নদীর তীরের নিচু আলুখেতে পানি জমেছে। পানিনিষ্কাশন না হওয়ায় প্রায় ২০০ বিঘা জমির বীজতলার আলুতে পচন ধরেছে। এসব জমিতে এ বছর আলুর ফলন আর হবে না বলে জানিয়েছেন চাষিরা।
চর হোগলা গ্রামের কৃষক আলী নুর বলেন, তিনি এ বছর স্থানীয় সমিতি থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে ১০ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। অসময়ের বৃষ্টিতে তাঁর জমির সব আলু পচে যাচ্ছে। বৃষ্টির পানি সরে গেলে এসব জমিতে নতুন করে শীতকালীন ফসল বুনবেন তিনি।
শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ বলেন, ‘অসময়ের বৃষ্টিতে এ বছর আমার ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বিশেষ করে চর হোগলা ও চর কিশোরগঞ্জ গ্রামের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ বলেন, বৃষ্টিতে যে কৃষকদের জমিতে পানি জমেছে, তাঁদের খেত নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে।
এদিকে শ্রীপুরের বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্রহায়ণের মধ্য ভাগ থেকে আমন ধান কাটা শুরু হয়েছে। অন্তত ৪০ শতাংশ কৃষক এখনো ফসল ঘরে তুলতে পারেননি। হঠাৎ বৃষ্টির কারণে অনেক কৃষকের কাটা ধান জমিতেই রয়ে গেছে। অনেক এলাকায় শনিবারের আগেই ধান কেটে মাড়াই শুরু হয়েছিল। বৃষ্টির কারণে মাড়াই সম্পন্ন হওয়া ধানগুলো খেতের পাশে বানানো ধানখলায় ভিজে নষ্ট হচ্ছে। সবজির মধ্যে নিচু জমিতে চাষ করা বাঁধাকপি ও আলুর ক্ষতি হয়েছে। পানি জমায় বাঁধাকপি গাছের গোড়ায় পচন দেখা দিচ্ছে। কিছুটা দেরিতে বোনা আলুর ক্ষেত্রেও বৃষ্টি যথেষ্ট প্রভাব ফেলেছে।
উপজেলার টেংরা গ্রামের কৃষক আল আমীন বলেন, তাঁর ৪ একর আমন ধান কাটা হলেও তা তুলতে পারেননি তিনি। বৃষ্টির কারণে সেগুলো জমিতেই রেখে দিতে হয়েছে। গোলাঘাট গ্রামের আতাউর রহমান বলেন, তিনি আলু বুনেছিলেন, কিন্তু হঠাৎ বৃষ্টি হওয়ায় ফসলে পচনের আশঙ্কায় আছেন। অন্য একটি জমিতে বাঁধাকপি চাষ করেছিলেন তিনি। জমিটি অপেক্ষাকৃত নিচু হওয়ায় পানি জমে গেছে। গোসিংগা গ্রামের কৃষক রহিম উদ্দিন বলেন, তাঁর সাত একর জমির আমন ধান কাটা হয়েছিল। বৃষ্টি শুরু হওয়ায় জমির পাশে তৈরি ধানখলায় তা রেখে দিতে হয়েছে। কাগজে মুড়ে রাখার কারণে ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, অধিকাংশ জমির আমন ধান কাটা শেষ হয়ে গেছে। তা ছাড়া বৃষ্টি হলেও ভারী বর্ষণ হয়নি। তাই রবিশস্য ও অন্যান্য ফসলের খুব বেশি ক্ষতি হওয়ার কথা নয়।