অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের ভরাট হওয়া খাল খনন করা হচ্ছে। গতকাল ভরারি এলাকায় l ছবি: অরূপ রায়
ঢাকার সাভারের ভরাট হওয়া খাল খনন করা হচ্ছে। গতকাল ভরারি এলাকায় l ছবি: অরূপ রায়

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারি খাল। একসময় এই খালে নৌকা চলত। খালের পানি মানুষ নানা কাজে ব্যবহার করত। কিন্তু সময়ের বিবর্তনে খালটি অস্তিত্ব হারায়। সম্প্রতি খালটি উদ্ধারের উদ্যোগ নিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ। খননকাজও শুরু করা হয়েছে।

ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্রকল্পের একাংশের সভাপতি মো. ফিরোজ বলেন, প্রথম ধাপে ধলেশ্বরী নদী থেকে দৈর্ঘ্যে ২ হাজার ৫০০ ফুট পর্যন্ত খাল খনন করা হবে। এ জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রস্তাব অনুযায়ী, সরকারের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ থেকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভরারি খাল তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারি গ্রামের ধলেশ্বরী নদী থেকে জয়নাবাড়ি গ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই খাল কোথাও ৪০ ফুট আবার কোথাও ৫০ ফুট প্রশস্ত ছিল। একসময় নৌকা চলাচল করত এই খালে। কিন্তু ১৯৮০ সালের পর থেকে স্থানীয় লোকজন খালের দুই পাড় দখল করতে শুরু করেন। পর্যায়ক্রমে আশপাশের বিভিন্ন এলাকায় কারখানা গড়ে উঠলে তার প্রভাব পড়ে খালে। কারখানা ও বাড়ির তরল ও কঠিন বর্জ্যে ভরাট হতে থাকে খালটি। বছরের পর বছর এভাবে দখল আর দূষণে একসময় খালটির অস্তিত্ব হারিয়ে যায়।

গতকাল বুধবার সরেজমিনে খালের তেমন কোনো অস্তিত্ব চোখে পড়েনি। তিন কিলোমিটার দীর্ঘ খালের বিভিন্ন জায়গায় ডোবার মতো অংশে আবর্জনাযুক্ত পানি জমে থাকতে দেখা যায়। ভরারি গ্রামে ঢাকা ইলেকট্রিক সমিতির ভবনের সামনে খালের ১৫০ ফুট এলাকা ভরাট করে চলাচলের রাস্তা বানানো হয়েছিল। এর পরের অংশ থেকে নদীর পাড় পর্যন্ত খাল খননের কাজ চলছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল আলম গত মঙ্গলবার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

ভরারি গ্রামের মোখলেছুর রহমান বলেন, ‘একসময় এই খালে নৌকা চলত। স্থানীয় লোকজন নানা গৃহস্থালি কাজে এর পানি ব্যবহার করতেন। কিন্তু এখন সেই খাল দেখে বোঝা মুশকিল, এটা খাল না খণ্ড খণ্ড ডোবা।’

তেঁতুলঝোড়া এলাকার বাবুল মোল্লা বলেন, ‘দখলমুক্ত করে খাল খননের জন্য আমরা অনেক বছর ধরেই দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু আগের কোনো ইউপি চেয়ারম্যান উদ্যোগ নেননি। বর্তমান চেয়ারম্যান উদ্যোগ নিয়েছেন। দেখা যাক, তিনি কতটা পারেন।’

৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্রকল্পের একাংশের সভাপতি রফিকুল ইসলাম বলেন, খাল খনন শুরুর আগে দুই পাড়ের বাসিন্দাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে পরিষদ থেকে নোটিশ দেওয়া হয়েছে। মাইকিং করা হয়েছে। এরপরও তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। খাল খনন করতে গিয়ে দখলদারদের নানা বাধার মুখে পড়তে হচ্ছে।

ইউপি চেয়ারম্যান ফখরুল আলম বলেন, ‘রাতারাতি সব দখলদার উচ্ছেদ করে খাল খনন করা সম্ভব নয়, তাতে জটিলতায় পড়তে পারি। তাই নানা কৌশলে দখলদারদের উচ্ছেদ করে খাল খননের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। এবারের বরাদ্দ থেকে বেশ কিছু অংশ খনন করা হবে। পরবর্তী বরাদ্দ থেকে বাকি অংশ কাটা হবে।’ তিনি বলেন, দখলের কারণে ভরারি খাল ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কসহ তেঁতুলঝোড়ার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের জন্য খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো খালটি খনন করা গেলে দুর্ভোগ অনেক কমে যাবে।