অস্তিত্ব-সংকটে সাপপাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাইক্কার বিলে সাপপাখি। ২০১৪ সালের ১৭ জানুয়ারি ছবিটি তুলেছেন লেখক
বাইক্কার বিলে সাপপাখি। ২০১৪ সালের ১৭ জানুয়ারি ছবিটি তুলেছেন লেখক

রাত ১২টার বাসে বন্য প্রাণী আলোকচিত্রী মারুফ রাসেলকে নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হলাম। ভোর চারটা নাগাদ শ্রীমঙ্গল পৌঁছে হোটেলে একটু বিশ্রাম। ঘুম থেকে উঠে নাশতা সেরেই সাড়ে সাতটায় সিএনজিচালিত অটোরিকশায় চেপে সোজা বাইক্কার বিলের পথে।
বিলের আশপাশে মাছের ঘেরের সংখ্যা দিনকে দিন বাড়ছেই। ২০১৩ সালের জানুয়ারিতে যেখানে রঙিলা চ্যাগা ও জলমুরগির ছবি তুলেছিলাম, সেখানে দেখি নতুন একটি ঘের তৈরির কাজ চলছে। মনটা খারাপ হয়ে গেল। এ রকম হলে পাখিরা আসবে কোথায়? নয়টা নাগাদ বাইক্কার বিলে পৌঁছে গেলাম। পুরোটা বিল যেন কুয়াশার চাদরে ঢাকা। রোদের কোনো লক্ষণই নেই। পাখি আছে বেশ। তবে আলোর স্বল্পতার কারণে ছবি মোটেও ভালো হচ্ছিল না।
কুয়াশা কেটে ছবি তোলার উপযোগী আলো ফুটতে বেলা একটা পর্যন্ত অপেক্ষা করতে হলো। আলো ফোটার পর এক মিনিটও নষ্ট করলাম না। নৌকায় চেপে পাখিগুলোর কিছুটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম। আট-দশ প্রজাতির হাঁস, সাত-আট প্রজাতির বক, ইগল, পানকৌড়ি, পিপি, কালেম, জলমুরগি ও অন্যান্য জলার পাখির মধ্যে যেন হারিয়ে গেলাম। প্রচুর ছবি তোলা হলো। হোটেলে ফিরে রাতে ছবিগুলো ঘেঁটে দেখার সময় একটি ছবিতে ‘আউট অব ফোকাস’ হয়ে যাওয়া একটি পাখির ওপর চোখ আটকে গেল। ‘পেয়েছি, পেয়েছি, যাকে খুঁজছিলাম এত দিন ধরে’ বলে চেঁচিয়ে উঠলাম। পাখিটাকে বাস্তবে দেখার তর আর সইছিল না। কোনোরকমে রাতটা পার করলাম। পরদিন লাউয়াছড়ায় যাওয়া বাতিল করে আবার ছুটলাম বাইক্কার বিলে। পৌঁছেই টাওয়ার থেকে টেলিস্কোপে পাখিটার অবস্থান দেখে নিলাম। এরপর নৌকায় চেপে পাখিটার কাছাকাছি গেলাম। চমৎকার ভঙ্গিতে ডানা মেলে রোদ পোহাচ্ছিল সে। আশপাশে আরও দু-তিনটি পাখির দেখা মিলল। প্রাণভরে বিরল পাখিগুলোকে দেখতে লাগলাম।
এতক্ষণ যার কথা বললাম, সে এ দেশের এক বিরল পাখি; নাম গয়ার (Darter বা Oriental Darter)। সাঁতার কাটার সময় লম্বা গলা ও মাথা পানির ওপর এমনভাবে রাখে, যা দেখতে সাপের মতো লাগে। তাই এ দেশে এরা সাপপাখি বা সাপগলা নামেও পরিচিত। আনহিঙ্গিডি পরিবারভুক্ত জলচর পাখিটির বৈজ্ঞানিক নাম Anhinga melanogaster।
সাপগলা বড় আকারের পাখি—দৈর্ঘ্য ৯০ সেন্টিমিটার এবং ওজন দেড় কেজি। একনজরে এটি কালো পাখি। মাথা, ঘাড় ও কাঁধ-ঢাকনির ওপরের অংশ বাদামি। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে অভিন্ন। প্রজননকালে পুরুষ পাখির পিঠ কালো, গলা সাদা এবং ঘাড় ও মাথা মখমল চকলেট-বাদামি দেখায়। ডানা ও দেহের পেছনে রুপালি-ধূসর লম্বালম্বি দাগ। দেহের নিচটা চকচকে কালো। ঠোঁট দুরঙা—ওপরেরটা কালচে-বাদামি, নিচেরটা হলুদ। পা কালো। অপ্রাপ্তবয়স্ক পাখির পিঠ কালচে-বাদামি, ঘাড়ে লম্বালম্বি রুপালি-ধূসর দাগ এবং দেহের নিচটা ও লেজ বাদামি থাকে।
দেশের বড় বড় হাওর, বিল, নদী ও হ্রদে দেখা মেলে সাপগলার। সচরাচর একা, জোড়ায় বা ছোট দলে থাকে। পানিতে ডুব দিয়ে ছোরার মতো ঠোঁট দিয়ে মাছ শিকার করে। ‘চিগি-চিগি-চিগি’ স্বরে ডাকে। পানিতে পুঁতে রাখা বাঁশে, গাছের শাখায় বা মাটিতে সুন্দর ভঙ্গিমায় ডানা মেলে রোদ পোহায়।
জুন থেকে ডিসেম্বর এদের প্রজননকাল। পানির কাছে বড় কোনো গাছের শাখায় শুকনো সরু ডালপালা দিয়ে বাসা বানায়। স্ত্রী তাতে পাঁচ-ছয়টি সবুজাভ-নীল রঙের ডিম পাড়ে। ডিম ফোটে ২৪-২৬ দিনে।
লম্বা গলার মাছখেকো সাপপাখি বর্তমানে এ দেশে অস্তিত্ব-সংকটের মুখোমুখি। দিনে দিনে এদের সংখ্যা কমছেই। বর্তমানে বিশ্বে এরা প্রায়-বিপদগ্রস্ত এবং বাংলাদেশে সংকটাপন্ন বলে বিবেচিত।