অস্বাভাবিক জোয়ারে ডুবে গেছে ফসলের খেত, চরম দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে গতকাল শুক্রবার উপকূলীয় অঞ্চলের নদ-নদীগুলোতে অস্বাভাবিক জোয়ার ও ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর ও নোয়াখালীতে বাঁধ ক্ষতিগ্রস্ত হয় এবং বাঁধ উপচে লোকালয় প্লাবিত হয়। ফলে ডুবে গেছে ফসলের খেত ও ভেসে গেছে চিংড়িঘের। এ ছাড়া গতকাল বিভিন্ন স্থানে নৌ-চলাচল ব্যাহত হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গতকাল সকালে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৩’ প্রত্যাহার করে নিয়েছে।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
অস্বাভাবিক জোয়ারের কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উপকূলীয় ইউনিয়ন রায়পুরের সরেঙ্গা, ফকিরহাট, বারআউলিয়া, ঘলঘাট, বাছা মিয়া মাঝির ঘাট, পরুয়া পাড়া ও গহিরা জুঁইদণ্ডী ইউনিয়নের সাপমারা খালের মুখ, লামারবাজার, গোদার গোড়া, চান মিয়া মাঝির বাড়ি, বকসী মাঝির বাড়ি, বরুমচড়া ইউনিয়নের ভরাচর, কমিউনিটি সেন্টার ও মিস্ত্রিপাড়া, বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ, দক্ষিণ তৈলারদ্বীপ, পূর্ব বারখাইন এবং হাইলধর ইউনিয়নের ইছাখালী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। জুঁইদণ্ডী ইউনিয়নের ১২টি চিংড়িঘের ও ৫০টি পুকুরের মাছ ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ১০০টি বসতঘর।
চট্টগ্রামের বাঁশখালী পাউবোর উপসহকারী প্রকৌশলী ধীমান চৌধুরী প্রথম আলোকে বলেন, জোয়ারের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় নয় কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ছনুয়া, খানখানাবাদ, গন্ডামারা ও সরল ইউনিয়নে ক্ষতির পরিমাণ বেশি। চট্টগ্রামের রাউজান পৌরসভার বিভিন্ন এলাকাও পানিতে তলিয়ে যায়। বোয়ালখালী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের তিন স্থানে গতকাল সকালে জোয়ারের তোড়ে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে নতুন করে ১৫টি গ্রামে প্লাবন দেখা দিয়েছে। ভেসে গেছে ওই এলাকার অন্তত ৫০টি চিংড়িঘের। উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল মোস্তফা বলেন, ‘মগনামা ইউনিয়নের কাকপাড়া, শরৎঘোনা ও চেপ্টাখালী এলাকায় বেড়িবাঁধ ভেঙে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।’
কক্সবাজার জেলার টেকনাফের সেন্ট মার্টিন, পৌরসভা ও সাবরাং ইউনিয়নের প্রায় ৪৫ গ্রাম গতকাল প্লাবিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ বলেন, বৃহস্পতিবার ভোররাতে ঘূর্ণিঝড়ের আঘাতে সেন্ট মার্টিন ও সাবরাং ইউনিয়ন লন্ডভন্ড হয়ে গেছে। এরপর গতকাল সকালে অস্বাভাবিক জোয়ারে উপজেলার ৪৫টি গ্রাম প্লাবিত হয়। সেন্ট মার্টিনের প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে পুরো দ্বীপের পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
লক্ষ্মীপুরের রামগতিতে গতকাল দুপুরে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার ফুট বেশি উচ্চতার জোয়ারে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ওই সময় দমকা বাতাসে একটি মসজিদসহ ১০টি বসতঘর বিধ্বস্ত হয়। বসতবাড়িতে জোয়ারের পানি প্রবেশ করে বিভিন্ন এলাকায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়কে ধস দেখা দেওয়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মেঘনা নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের কাজে নিয়োজিত সেনাসদস্যরা (১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) সড়কটি রক্ষা করার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে অস্বাভাবিক জোয়ারে উপজেলার নলচিরা, সুখচর, চর ঈশ্বর ও তমরুদ্দী ইউনিয়নের কমপক্ষে ১০টি গ্রাম প্লাবিত হয়। নলচিরা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ার শুরু হয়। অল্প কিছু সময়ের মধ্যেই জোয়ারের পানি বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এতে এই ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়ে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকালও হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ ছিল।
বুধবার মধ্যরাতে ঝোড়ো হাওয়া শুরু হলে রাঙামাটি শহর ও নানিয়ারচর, জুরাছড়ি, বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ বলছে, কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইনে গাছ উপড়ে পড়ে এবং কিছু স্থানে বৈদ্যুতিক খুঁটি ধসে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে গতকাল বেলা তিনটার দিকে আবার বিদ্যুৎ-সংযোগ সচল করা হয়।
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ২৩ ঘণ্টা পর গতকাল সকাল সাড়ে নয়টা থেকে বড় লঞ্চ চলাচল শুরু হয়। অপরদিকে বাতাসের কারণে বড় ফেরি চলাচল ব্যাহত হয়। এতে ঘাটে বেশ কিছু গাড়ি আটকা পড়ায় দুর্ভোগে পড়ে যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও নদীতে প্রচণ্ড বাতাস থাকায় বড় ফেরিগুলো ঠিকমতো ঘাটে ভিড়তে না পারায় সকাল থেকে রো রো (বড়) ফেরি খানজাহান আলী, শাহ মখদুম, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও ইউটিলিটি (ছোট) ফেরি চন্দ্রমল্লিকাকে বন্ধ রাখা হয়েছে। বাকি বড় ফেরিগুলো থেমে থেমে ঘাটে ভিড়ছে।
ভোলায় ৪০ জেলে এখনো নিখোঁজ: সাগর মোহনায় ডুবে যাওয়া তিনটি ট্রলারের ৪০ জেলের খোঁজ গতকাল পর্যন্ত পাওয়া যায়নি। জেলেদের বাড়ি চরফ্যাশন, মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলায়। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার ও দক্ষিণ আইচা থানার ওসি এনামুল হক এ তথ্য জানান, গত মঙ্গলবার সাগরে মাছ ধরতে গিয়েছিলেন ওই জেলেরা। বৃহস্পতিবার ভোর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।