অস্বাভাবিক জোয়ারে দুই উপজেলার ১৬ গ্রাম প্লাবিত
পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে চট্টগ্রামের আনোয়ারা ও কক্সবাজারের পেকুয়া উপজেলায় গত সোমবার ও গতকাল মঙ্গলবার ১৬টি গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের ফলে আনোয়ারার উপকূলীয় এলাকার সরেঙ্গা, ফকিরহাট, বার আউলিয়া, বাছা মিয়া মাঝির ঘাট, জুঁইদন্ডীর সাপমারা খালের মুখ, লামার বাজার, গোদারগোড়া এবং বারখাইনের দক্ষিণ তৈলারদ্বীপসহ ১০টি গ্রামে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে। ফলে এসব গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের যেসব স্থান দিয়ে পানি প্রবেশ করছে, সেসব স্থান জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার ও সোমবার জোয়ারের প্রভাবে অন্তত ১০০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ওই ইউনিয়নের টেকপাড়া, মালেকপাড়া, নুরীপাড়া, রূপালী বাজার পাড়া, কইড়া বাজার পাড়া এবং নতুন পাড়া গ্রাম প্লাবিত হয়। এ ছাড়া ওই ইউনিয়নের অন্তত ৫০০ একর চিংড়িঘের জোয়ারের পানিতে একাকার হয়ে যায়।
উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী বলেন, জোয়ারের তোড়ে অন্তত ১০০ ফুট বেড়িবাঁধ ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। কিন্তু ওই কর্মকর্তারা বিষয়টি আমলে নেননি।