আইইউবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশে (আইইউবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির বসুন্ধরা এলাকার ক্যাম্পাসে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’।
উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম বলেন, পৃথিবীকে রক্ষার দায়িত্ব এ দেশসহ বিশ্বের সব দেশের প্রতিটি নাগরিকের। এই আন্তর্জাতিক দিবস শুধু উদ্যাপনের জন্য নয়, পৃথিবীকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা।’
বিশেষ অতিথি আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আনিস উদ দৌলা বলেন, তরুণ প্রজন্মকে পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এ লক্ষ্যে তিনি আইনের যথাযথ প্রয়োগ ও পরিচ্ছন্নতা রক্ষার বিষয়টিকে রাষ্ট্রীয়ভাবে অগ্রাধিকার প্রদানের ওপর জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইইউবির সহ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন।
পরিবেশ দিবসের বিভিন্ন আয়োজনের মধ্যে অন্যতম ছিল পরিবেশবিষয়ক আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতা। এ ছাড়া দিনব্যাপী পরিবেশবান্ধব নানা পণ্য দিয়ে প্রস্তুত করা সামগ্রীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি