আইনি বাধ্যবাধকতাসহ চুক্তির পক্ষে আইপিইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্যারিসের লা বুর্জে বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রের ভেতরে গতকাল মঙ্গলবার খণ্ড খণ্ড মিছিল। কিছুক্ষণ পরপর উঠছে স্লোগান। বিশ্বনেতাদের উদ্দেশে পরিবেশবাদীরা স্লোগান দিচ্ছেন ‘ক্লাইমেট অ্যাকশন নাউ’ (জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত পদক্ষেপ চাই)। হঠাৎ ২ নম্বর প্যাভিলিয়নের সামনে হট্টগোলের শব্দ। ভিড় ঠেলে সামনে যেতে দেখা গেল হলিউডের টার্মিনেটর চলচ্চিত্রের তারকা আরনল্ড শোয়ার্জনেগার। গণমাধ্যমকর্মীদের তিনি বলছেন, ‘আমরা এই সম্মেলনেই জলবায়ু পরিবর্তন নিয়ে একটি চুক্তি চাই। বিশ্ববাসী চায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস সফল হোক।’
গতকাল শোয়ার্জনেগারের সঙ্গে বৈঠক ছিল বাংলাদেশের সাংসদ সাবের হোসেন চৌধুরীর। সাবের হোসেন বিশ্বের বিভিন্ন দেশের সাংসদদের আন্তর্জাতিক সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি। বৈঠকে আইপিইউর সঙ্গে শোয়ার্জনেগারের প্রতিষ্ঠিত সংগঠন রিজিওন অব ক্লাইমেট অ্যাকশনের (আর-২০) একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে সাবের হোসেন চৌধুরী ও শোয়ার্জনেগার ফরাসি পার্লামেন্টে প্যারিস জলবায়ু সম্মেলন কপ-২১ নিয়ে বক্তৃতা দেন। এ সময় বিভিন্ন দেশ থেকে আসা ৬০০ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
সাবের হোসেন বলেন, প্যারিস সম্মেলনেই একটি আইনি বাধ্যবাধকতাসহ চুক্তি সই হতে হবে। সব দেশ যাতে এই চুক্তি সই ও বাস্তবায়ন করে, সে ব্যাপারে সংসদগুলো ভূমিকা রাখবে।
সাবের হোসেন চৌধুরী ফরাসি সংসদে দেওয়া বক্তৃতায় আরও বলেন, বিশ্বের শিল্পোন্নত রাষ্ট্রগুলো একদিকে বলছে তারা ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর জন্য অঙ্গীকারনামা বা আইএনডিসি জমা দিয়েছে। অন্যদিকে তারা প্রতিবছর কয়েক ট্রিলিয়ন ডলার জীবাশ্ম জ্বালানি বাবদ ভর্তুকি দিচ্ছে। এটা অনৈতিক।
এর আগে সম্মেলন উপলক্ষে আইপিইউর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, পৃথিবীর তাপমাত্রা যদি বর্তমান ধারায় বাড়তে থাকে, তাহলে এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়বে। তাপমাত্রা যাতে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে, সে জন্য রাষ্ট্রগুলোকে প্যারিস সম্মেলনেই উদ্যোগ নিতে হবে।
গতকাল সম্মেলনে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাধান’ শীর্ষক এক আলোচনায় নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর বক্তব্য দেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে বিশ্বে শুরু হয়ে গেছে—এই মন্তব্য করে তিনি বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশ, সিরিয়াসহ বিশ্বের অনেক দেশেই মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে পড়ছে। বাংলাদেশের বাস্তুচ্যুতদের নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যাও বাড়ছে। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস থেকেই আমাদের সমাধানের পথে এগোতে হবে।’
গতকাল সকাল থেকেই মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়। ওই আলোচনায় গতকাল রাতে বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বক্তব্য দেন। তিনি গত মাসে প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্সের পাশে আছে।
আনোয়ার হোসেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিসে একটি চুক্তি স্বাক্ষরের দাবি তুলে বলেন, ‘আমাদের দেশে ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে। দেশের মানুষ প্যারিসের দিকে তাকিয়ে আছে। এখানে তাদের রক্ষায় কী চুক্তি হয়, তা দেখার জন্য অপেক্ষা করছে।’
বাংলাদেশের সংবাদ সম্মেলন: জলবায়ু সম্মেলনে গতকাল বাংলাদেশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মূল বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়লে কোনো উন্নয়নই টেকসই হবে না। বিশ্বের প্রতিবেশ-ব্যবস্থা ভেঙে পড়বে। এই প্যারিস সম্মেলনের ফলাফল আমাদের মতো বিশ্বের শতাধিক দেশের জন্য গুরুত্বপূর্ণ।’
কামাল উদ্দিন আহমেদ বলেন, স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম ২০০৯ সালে কম কার্বন নিঃসরণ করে উন্নয়নের রূপরেখা দিয়েছে। এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম কার্বন নিঃসরণের স্বপ্রণোদিত অঙ্গীকারনামা আইএনডিসি জমা দিয়েছে।
পরিবেশসচিব আরও বলেন, যেসব দেশের সক্ষমতা সীমাবদ্ধ, সেসব দেশকে বাড়তি সহায়তা ও অগ্রাধিকার দিতে হবে। প্রযুক্তি দিয়ে তাদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম করতে হবে।
সংবাদ সম্মেলনে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য কাজী খলীকুজ্জমান আহমদ, অধ্যাপক আইনুন নিশাতসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।