আইলার ক্ষত এখনো শুকায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের সোনাগাঁ এলাকায় প্রায় সাত বছর আগে ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত বাঁধের পাশে জোয়ারের পানিতে কঁাকড়া ধরার চেষ্টা করছেন প্রতিমা। ছবিটি তুলেছেন জিয়া ইসলাম
ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের সোনাগাঁ এলাকায় প্রায় সাত বছর আগে ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত বাঁধের পাশে জোয়ারের পানিতে কঁাকড়া ধরার চেষ্টা করছেন প্রতিমা। ছবিটি তুলেছেন জিয়া ইসলাম

বিধ্বংসী আইলায় ক্ষত ও ক্ষতির চিহ্নগুলো সুন্দরবন আজও বয়ে বেড়াচ্ছে। ঘা কতটা দগদগে, সোনাগাঁ গিয়ে তা মালুম হলো।
বালি দ্বীপ থেকে বেরিয়ে গুমরি নদীটা বাঁক খেয়ে যেখানে আঁকশির মতো হয়ে গেছে, সেখানেই বিদ্যা দোয়ানি নদী। সারেং জানাল, জোয়ার থাকতে থাকতে বালি ছেড়ে সোনাগাঁ যেতে হবে এবং জল নামার আগেই সোনাগাঁ ছাড়তে হবে। নইলে কাদা ঠেলে স্টিমারে ওঠা আমাদের মতো শহুরে বাবুবিবিদের কম্ম নয়।
এই বিদ্যা দোয়ানির দুধারই সাত বছর আগের আইলায় ধুয়েমুছে একসা। বাঁধ ভেঙে হু হু করে নোনা জল ভাসিয়ে দিয়েছে ঘরবাড়ি ও চাষের জমি। সুন্দরবনে সাড়ে তিন শরও বেশি মানুষের প্রাণ যায়। সম্পত্তির হানি যে কত, আজও সেই হিসাব কারও নেই। মাইলের পর মাইল বাঁধ ভেঙে যায়। চাষের জমি পতিত হয়ে পড়ে। ঘরছাড়া মানুষের ঠাঁই হয় নগর, গঞ্জ ও কলকাতায়। বিদ্যা দোয়ানির দুধারে সেই ক্ষত এখনো জ্বলজ্বল করছে। ভারতের কেন্দ্রীয় সরকার নতুন করে বাঁধ দেওয়ার জন্য অর্থ সাহায্য করেছে ঠিকই, কিন্তু এই আট বছর পরেও সেই কাজ সর্বত্র শেষ হয়নি।
নদীর বাঁ দিকে একাধিক আর্থ মুভার মাটি কেটে কেটে বাঁধের ওপর জড়ো করছে। সোনাগাঁর মতো নদীর এত কিনারে এখানে বসতি নেই। মানুষজনের ঘরবাড়ি বেশ খানিকটা ভেতরে। তাই রক্ষে। পুরোনো ভেঙে যাওয়া বাঁধ থেকে নতুন গড়ে তোলা বাঁধ কোথাও ৩০, কোথাওবা ৫০ মিটার দূরে। এই জমি যাদের ছিল, তারা এখন জমিহারা। এই জমিতে যাদের ঘরবাড়ি ছিল, তাদের কেউ কেউ এখনো ঘরহারা। সরকারি সাহায্য যা, তাতে নুন আনতে পান্তা ফুরানোর শামিল। তবু জীবন কখনো থেমে থাকে না। যারা দেশান্তরি হয়েছে, তারা শুরু করেছে নতুন জীবন। যারা কিছুটা সমর্থ, তারা অন্য কোথাও জমি কিনে শুরু করেছে পরবর্তী লড়াইয়ের প্রতীক্ষা। আর, যারা প্রতিমাদের মতো দুর্ভাগা, তারা এখনো সেই নোনা জলেই খাবি খাচ্ছে।


প্রতিমারা সোনাগাঁর বাসিন্দা। পুরোনো বাঁধের কোল ঘেঁষে তার চালাঘর ছিল। সংসার বলতে তার স্বামী ও একটা ছেলে। আইলার সময় সে ছেলের বয়স এক বছরও ছিল না। দুর্যোগের দিন গ্রামের ভেতরের দিকে সরে গিয়ে তারা প্রাণে বেঁচেছিল ঠিকই, তবে আর কিছু বাঁচাতে পারেনি। পাশের পুকুরের দিকে ঘরটা একটু কাত হয়ে গিয়েছিল, ধুয়েমুছে সাফ হয়ে যায়নি। দুর্যোগ কাটলে তারা তাই সেই ঘরেই ফিরে এসেছিল। এবং কী আশ্চর্য, সাত বছর কেটে গেলেও এখনো তারা সেই হেলে পড়া কুটিরেই বাস করছে! পার্থক্য একটাই—তখন সংসার ছিল তিনজনের, এখন তা পাঁচে ঠেকেছে।
আমরা স্টিমার থেকেই দেখতে পেলাম, লাল ডুরে পাড় সুতির শাড়ি হাঁটুর ওপর তুলে কোমরে আঁচল গুঁজে প্রতিমা জোয়ারের জলে কাঁকড়া ধরছে।
পদ্ধতিটা একেবারেই দিশি। একটা কঞ্চির ডগায় হাত দশেক লম্বা সুতার একটা দিক বাঁধা। সুতাটার অন্য প্রান্তে কাঁকড়ার দাঁড়ার মতো লালচে শক্ত একটা বাঁকানো কাঠি। কঞ্চিটা নতুন বাঁধের গায়ের নরম মাটিতে পুঁতে সুতার অন্য প্রান্তটা জোয়ারের জলে ফেলে দেওয়া। সেটাই কাঁকড়ার টোপ। এই রকম বেশ কয়েকটা সুতা ও কঞ্চি পুরোনো ও নতুন দুই বাঁধের মাঝে জোয়ারের জলে টোপ হিসেবে ফেলে প্রতিমা ও তার বড় ছেলে এধার-ওধার করছে। সুতাটা টানতে হয় খুব ধীরে ধীরে, যাতে কাঁকড়া টের না পায়। যতক্ষণ জোয়ারের জল, ততক্ষণ এইভাবে কাঁকড়া ও জাল টেনে টেনে বাগদার মিন ধরা। কপাল ভালো থাকলে কিছু জুটে যায়, না হলে হাড়ভাঙা খাটুনিই সার।
পুরোনো ভেঙে যাওয়া বাঁধ থেকে নতুন গড়ে তোলা বাঁধের দূরত্ব ২০-৩০ মিটার। এবং যে যে জায়গায় বাঁধ একেবারে মাটির সঙ্গে মিশে গেছে, সেখানে বাদাবনের চিহ্নমাত্র নেই। যেখানে বাদাবন ঘন, তার পেছনের বাঁধ অটুট। সোনাগাঁর এই যেখানটায় প্রতিমাদের পোড়ো একচালা, তার ২০০ মিটার দূরে একটা গির্জা। প্রায় আধা কিলোমিটার ধরে পুরোনো বাঁধের আগে বাদাবনের কোনো চিহ্নই নেই। পরিত্যক্ত গির্জার ঈশ্বর ও প্রতিমাদের মতো হতভাগ্য যারা, তারা ওই দুই বাঁধের মাঝে আজও দিনে একবার করে ভাসছে।


আইলার অভিজ্ঞতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, নদী ও বাঁধের মাঝে বাদাবন কীভাবে বাঁধকে রক্ষা করে। সোনাগাঁ যেতে যেতেই সুভাষচন্দ্র সেটা দেখিয়ে দেন। সাইক্লোনের জলের প্রবল ঝাপ্টা এই বাদাবনই সামাল দেয়। তা না থাকলে মাটির বাঁধের ক্ষমতা নেই ওই জলরাশির বেগকে রোখার। তাঁর মতো যাঁরা সুন্দরবন নিয়ে কাজ করে চলেছেন, তাঁরা তাঁদের মতো করে মানুষকে শিক্ষিত করে চলেছেন বাদাবন রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে। ডব্লিউডব্লিউএফের পশ্চিমবঙ্গের সাবেক অধিকর্তা ও বর্তমানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অব ইন্ডিয়ার সাম্মানিক অধিকর্তা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল শক্তি বন্দ্যোপাধ্যায় বললেন, ‘এমন নয় যে এই তল্লাটের মানুষ অজ্ঞান ও অবুঝ। কিন্তু এই কাজটা তো সরকারকেই করতে হবে। প্রতিমাদের মতো দিন আনে দিন খায় মানুষ তো এটা করবে না। সরকারের ওপর আমরা চাপ দিয়ে চলেছি। অনেক কিছুই হচ্ছে, তবু আরও অনেক কিছু করার বাকি।’
সুন্দরবনের মোট সাড়ে তিন হাজার কিলোমিটার বাঁধের মধ্যে এখনো কত জায়গা বাদাবনের অস্তিত্বহীন, সে হিসাব সুভাষচন্দ্রর কাছে নেই। সোনাগাঁয় এখনো কেন নতুন বাঁধ ও নদীর মাঝে বাদাবন লাগানো হয়নি, সেই উত্তরও তাঁর অজানা। যেমন জানা নেই, প্রতিমাদের মতো যারা নিজের গ্রামেই উদ্বাস্তু জীবন যাপন করছে, ঈশ্বর তাদের ললাটে কোন লিখন লিখে গেছে! (চলবে)