আক্কাসনগরে রাস্তাজুড়ে সুরকি ও নর্দমার পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উদ্যানের রাস্তা বেহাল
ঢাকা উদ্যানের রাস্তা বেহাল

পুরো রাস্তা ভরে আছে সুরকি ও নর্দমার পানিতে। চারপাশের বাতাস ভারী হয়ে আছে দুর্গন্ধে। নাক চেপে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এ দৃশ্য রাজধানীর মোহাম্মদপুরের আক্কাসনগর এ-ব্লকের ১/সি সড়কের।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, রাস্তাটির ভূগর্ভস্থ পয়োনিষ্কাশন নালার নোংরা পানি ওপরে উঠে এসেছে। তার সঙ্গে মিশেছে আশপাশের বসতবাড়ির নোংরা পানি। কিছু জায়গায় নর্দমার পানি এসে ঠেকেছে পথের পাশের বাড়িগুলোর প্রবেশপথে। বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই এই পথ দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।
এলাকাবাসী বলেন, কয়েক বছর আগে এখানে কোনো জনবসতি ছিল না। মাটি ফেলে ভরাট করার পর জনবসতি তৈরি করা হয়। তাঁদের অভিযোগ, পার্শ্ববর্তী এলাকাগুলোর বসতবাড়ির নোংরা পানি ভূগর্ভস্থ পয়োনিষ্কাশন নালা দিয়ে যায়। কয়েক মাস আগে নালার পাইপ ফেটে নোংরা পানি বেরোতে শুরু করে। স্থানীয় বাসিন্দা মো. রাজু বলেন, ‘আশপাশের এলাকাগুলোর রাস্তা পাকা করা হলেও এই এলাকার রাস্তাগুলো কখনো সংস্কার করা হয়নি। মাস খানেক আগে রাস্তার অবস্থা আরও খারাপ ছিল। গত মাসে চলাচলের সুবিধার জন্য রাস্তাজুড়ে ফেলা হয় সুরকি।’
রাস্তার পাশেই চায়ের দোকান করেন হাসেম ভূঁইয়া। তিনি বলেন, ‘নর্দমার পানির গন্ধে এখানে বাস করা দুর্বিষহ হয়ে পড়েছে।’
রাস্তাটি উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের অধীনে। এই ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব বলেন, ‘এলাকার রাস্তাগুলো ঠিক করতে হলে তা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করতে হবে। যতক্ষণ পর্যন্ত হাউজিং কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব নয়।’