আগাম ভাঙনের কবলে শরীয়তপুরের পাঁচ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী পাঁচটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগেই ভাঙন দেখা দেওয়ায় এসব গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। গত এক সপ্তাহে ওই এলাকার ২০টি পরিবার বসতবাড়ি সরিয়ে নিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শরীয়তপুর কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার কলমিরচর ও ইয়াকুব মাদবর কান্দি এবং নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি, মুলপাড়া ও চরনড়িয়া গ্রাম পদ্মাতীরে অবস্থিত। গত বর্ষা মৌসুমে গ্রামগুলো ব্যাপকভাবে ভাঙনের কবলে পড়ে। সেখানকার প্রায় দেড় হাজার পরিবার গৃহহীন হয়েছে। এবার বর্ষা মৌসুমের আগেই ভাঙন দেখা দিয়েছে। নদীতে স্রোত হলেই পাড়ের মাটি ভাঙছে। পাঁচটি গ্রামের প্রায় দুই হাজার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ভাঙনের হুমকিতে রয়েছে নড়িয়ার ঈশ্বরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জাজিরার ইয়াকুব মাদবর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত বছর আগস্টে ওই এলাকার চারটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চবিদ্যালয় নদীতে বিলীন হয়েছিল।

নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামের আজিজুল খালাসি বলেন, ‘গত বছর ভাঙনে ফসলি জমি পুরোটাই এবং বসতভিটার কিছু অংশ নদীতে বিলীন হয়েছিল। এ বছর বর্ষাকালের আগেই ভাঙন দেখা দিয়েছে। তাই এ জায়গা ছেড়ে নড়িয়া পৌর এলাকায় ভাড়া বাড়িতে উঠেছি।’

একই গ্রামের মোতালেব মাদবর বলেন, ‘পদ্মার ভাঙনে গত বছর আমাদের গ্রামের তিন শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। এখন আবার ভাঙন শুরু হয়েছে। সব সময় আতঙ্কে থাকি। গত বছর স্থানীয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল ভাঙন রোধে বাঁধ নির্মাণ করা হবে। কিন্তু এখনো বাঁধ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

গত বছর জাজিরার কুন্ডেরচর ইউনিয়নের কলমিরচর গ্রামের জাহানারা বেগমের ফসলি জমি ও বসতবাড়ির কিছু অংশ নদীতে বিলীন হয়। বর্তমানে পদ্মার তীরে একটি টিনের ঘরে পরিবারের সদস্যদের নিয়ে বাস করছেন। এক সপ্তাহ ধরে নদীতে ভাঙন দেখা দেওয়ায় তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, ‘পদ্মা নদী আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। কোথাও আশ্রয়ের জায়গা না পেয়ে নদীর তীরেই পরিবারের সদস্যদের নিয়ে আছি। আকাশে মেঘ দেখলেই কলিজার পানি শুকিয়ে যায়। ভয়ে রাতে ঘুম আসে না।’

কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন মাতবর বলেন, গত বছর কলমিরচর গ্রামটি নিশ্চিহ্ন হয়ে গেছে। এ বছর বর্ষার আগেই ভাঙন দেখা দিয়েছে। ওই এলাকার মানুষকে কিছু পরিমাণ ত্রাণ সহায়তা ছাড়া কিছুই দেওয়া সম্ভব হয়নি।

পাউবোর শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, পদ্মা নদীর এই এলাকা ভাঙনপ্রবণ। প্রতিবছর বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙন হয়। এ বছর আগে থেকেই ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে গত বছর পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছিল।