মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দুই দিন চট্টগ্রাম নগরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাষে জানানো হয়েছে। বৃষ্টির কারণে পাহাড়ধসের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর।
গতকাল রোববার বেলা তিনটা পর্যন্ত চট্টগ্রাম নগরে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল দুপুর থেকে মাঝারি মাত্রার বৃষ্টি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি পড়ছিল। তবে টানা বর্ষণ না হওয়ায় জলাবদ্ধতা দেখা যায়নি নগরের বেশির ভাগ এলাকায়।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দুই দিন চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রাও হ্রাস পেতে পারে। গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত শনিবার আবহাওয়া দপ্তর অতিবৃষ্টির সম্ভাবনার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ধসের সতর্কবার্তা জারি করেছে। প্রশাসন চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারী লোকজনকে পাহাড় থেকে নিরাপদে সরে যাওয়ার জন্য প্রচারণা শুরু করেছে বলে জানান চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন।