আজ সকালেও বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজকের সকালটাও ছিল বর্ষণমুখর। ভোরের দিকে ধূসর মেঘে ছেয়ে যায় আকাশ। তারপর এক পশলা ভারী বৃষ্টি। তা আবার জের টানতে থাকে। এ সময় রাস্তায় বের হওয়া মানুষ দুর্ভোগ পোহান।

বৃষ্টির সময় প্রভাতী শাখার শিক্ষার্থীদের নিয়ে অনেক অভিভাবক স্কুলে দিকে যাচ্ছিলেন। তাঁরা পড়ে যান বেকায়দায়। রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার চালকেরা এ সময় সুযোগ বুঝে বাড়তি ভাড়া হাঁকে। এসব যানের সংখ্যাও ছিল কম।

বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বয়ে যায়। তবে তা বেপরোয়া পর্যায়ে যায়নি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এখনো পড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলমের ভাষ্য, সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত কয়দিন ধরে কালবৈশাখী ঝড়ের প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে তিনি জানান। এর সঙ্গে দখিনা বাতাস বয়ে যাচ্ছে। গত বছরের চেয়ে এই বছর কালবৈশাখী ঝড়ের প্রভাবে বৃষ্টির পরিমাণ বেশি বলে তিনি জানান। গত মাসে স্বাভাবিকের চেয়ে ২৫ ভাগ বেশি বৃষ্টি হয়েছে।

গতকাল সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত রাজধানী ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা হয়ে ফরিদপুর, মাদারীপুরের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। কালবৈশাখীর প্রভাবে এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়।