আজও বৃষ্টি হতে পারে
তিন দিন আগে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গত রোববার সন্ধ্যায়ই পশ্চিমবঙ্গের স্থলভাগে উঠে গেলেও তার প্রভাব এখনো কাটেনি। আজ মঙ্গলবারও ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে এর প্রভাবে।
গতকাল সোমবার রাতে আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে, লঘুচাপটি স্থলভাগে উঠে যাওয়ায় সেটি আর শক্তিশালী হওয়ার আশঙ্কা নেই। তবে সেটির প্রভাবে সমুদ্রের বিস্তীর্ণ এলাকা এখনো উত্তাল রয়েছে। এ কারণে দেশের চারটি সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। লঘুচাপটি সম্পূর্ণ মিলিয়ে যেতে যেতে ঝোড়ো হাওয়াসহ আরও বৃষ্টি ঝরাবে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের প্রায় সর্বত্র আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। দেশের মধ্যাঞ্চলের কোথাও কোথাও এবং দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে আরও দুই-এক দিন।
শরতের এই টানা বর্ষণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কৃষিতে, বিশেষ করে রবিশস্যে, এর অনেক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। শীতকালীন শাকসবজির খেত সম্পূর্ণ নষ্ট করে দেবে এই বৃষ্টি। বৃষ্টির পর আবার কৃষককে নতুন করে রবিশস্য বুনতে হবে। তাতে কৃষকের যেমন লোকসান, তেমনি বাজারে শীতকালীন শাকসবজির আগমন বিলম্বিত হবে।