আজও বৃষ্টি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ঝরেছে রাজধানী ঢাকায়। এতে মহানগরের অনেক সড়কে পানি জমে যায় এবং যানজটের সৃষ্টি হয়। এ জন্য ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে।
আজ সোমবারও রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী, আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
গত কয়েক দিনের প্রচণ্ড গরমের পর গত শনিবার রাতে বৃষ্টি হয়। গতকালও বৃষ্টি হয়। এতে গরম কমলেও ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষসহ রাজধানীবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে।
আবহাওয়া দপ্তরে কর্তব্যরত আবহাওয়াবিদেরা বলেন, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় আছে। ভারতের মহারাষ্ট্র ও সন্নিহিত এলাকার স্থলভাগে বিরাজমান নিম্নচাপটি দুর্বল হয়ে উপমহাদেশীয় মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর এই মিলিত অক্ষ ভারতের গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও ওডিশার ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি স্থান পরিবর্তন করে গতকাল সন্ধ্যায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, লঘুচাপের প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজও সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কোনো কোনো স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে।
গতকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। বৃষ্টিতে আন্তজেলা বাস টার্মিনালগুলো কাদা-পানিতে একাকার হয়ে যায়। এতে ঈদে ঘরমুখী মানুষকে ভোগান্তি পোহাতে হয়।
বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ায় বেশি বিপাকে পড়েন আরামবাগ, বেইলি রোড, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, ফকিরাপুল ও পুরান ঢাকার কয়েকটি এলাকার লোকজন। বেলা সাড়ে ১১টার দিকে কাকরাইল থেকে মগবাজার পর্যন্ত রাস্তায় হাঁটুপানি জমে থাকতে দেখা যায়। এ সময় এসব এলাকার মূল সড়ক ছাড়াও আশপাশের গলিতে ছিল হাঁটুপানি। জামিল আহমেদ নামের এক পথচারী প্রথম আলোকে বলেন, এত আয়োজন করে সিটি করপোরেশন নির্বাচন হলো। কিন্তু নগরবাসীর সমস্যা সমাধানে কোনো উদ্যোগ এখনো চোখে পড়ছে না। সামান্য বৃষ্টিতেই রাস্তা ডুবে খাল হয়ে গেছে।
পানি জমে যায় সচিবালয়ের ভেতরেও। সচিবালয়ের ভেতরে খালি জায়গায় নালা থেকে পানি উপচে পায়ের গোড়ালি পর্যন্ত জমে যায়। পানি না জমলেও বৃষ্টির কারণে মতিঝিল থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া মিরপুর ১০ নম্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়ার বাসিন্দাদের বৃষ্টির জন্য বেশ বিপাকে পড়তে হয়। পুরান ঢাকার দয়াগঞ্জেও জমেছিল হাঁটুপানি।