আজও ভারী বৃষ্টি হতে পারে
মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা, ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে। আর সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রাজারহাটে ৮০, ভোলায় ৬১, রংপুর ও সীতাকুণ্ডে ৩৩, সৈয়দপুরে ৩০, চাঁদপুর ও ডিমলায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় ঢাকায় কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর রাজারহাটে সর্বনিম্ন ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গতকাল ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। এদিন সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।