আজমপুর বাসস্ট্যান্ডের গণশৌচাগার বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণশৌচাগারের সামনে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক নারী ও তাঁর মেয়ে। ভেতরে ঢুকতে গিয়ে উঁকি দিয়েই ফিরে এলেন কয়েকবার। অন্ধকার ও ঘিঞ্জি পরিবেশে গণশৌচাগারের ভেতরে চৌকির ওপর কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন একজন পুরুষ। নারীদের যেখানে টয়লেট করার কথা, সেখান থেকে বেরিয়ে এলের একজন পুরুষ। অন্যটি তখনো ভেতর থেকে বন্ধ। পাশেই প্রস্রাব করছেন দুজন পুরুষ। শৌচাগারটির সংরক্ষণের দায়িত্বেও একজন পুরুষ। নারীদের যাতায়াত কিংবা প্রবেশের জন্য নেই কোনো বিকল্প পথ। অগত্যা পুরুষ লোকদের উপেক্ষা করেই নাকে কাপড় পেঁচিয়ে ভেতরে গেলেন সেই নারী। তাঁর মেয়েটি শেষ পর্যন্ত আর গেলই না।
গণশৌচাগারের ভেতরের পরিবেশ আরও খারাপ, মেঝেতে ছড়িয়ে আছে পানি। ভেতরটা অন্ধকারাচ্ছন্ন। শৌচাগারের দরজার নিচের দিকটা ভেঙে গেছে। নারী টয়লেটে পুরুষের যাতায়াত। ভেতরে পানির কল নেই। একটি ড্রাম থেকে পানি সংগ্রহ করে যেতে হয় টয়লেটে। প্রস্রাবখানায় কনডেন্স মিল্কের কৌটায় করে রাখা আছে পানি। এ চিত্র রাজধানী উত্তরা মডেল টাউনের আজমপুর বাসস্ট্যান্ডের গণশৌচাগারটির।
ওই নারীকে সেই পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি প্রথম আলোকে বলেন, রাজধানীর গণশৌচাগারগুলো একদমই নারীবান্ধব নয়। তাই ঘরের বাইরে বেরোলেই রাজধানীতে বসবাসরত লাখো নারীকে এই কষ্টের মধ্যে পড়তে হয়। তিনি পাশে দাঁড়ানো তাঁর মেয়ের উদাহরণ দিয়ে বলেন, ‘আমার মেয়ে তো শেষে আর ভেতরে গেলই না।’
গণশৌচাগারটির রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ সুমন মিয়া জানালেন, দিনে তিনবার (সকাল, দুপুর আর রাতে) ব্লিচিং পাউডার এবং ক্লিনিং পাউডার দিয়ে শৌচাগারটি পরিষ্কার করা হয়। কিন্তু দুপুরের অনেকক্ষণ অপেক্ষা করেও শৌচাগার পরিষ্কার করতে দেখা গেল না কাউকে।
গণশৌচাগারে হাত পরিষ্কারের জন্য নেই সাবান। তাই শুধু পানি দিয়ে হাত পরিষ্কার করেই চলে যাচ্ছেন অনেকে। কেউ আবার জিজ্ঞেস করছেন, ‘সাবান নাই? সাবান কেন নেই?’ এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সুমন বললেন, ‘মালিকে দেয় নাই, তাই নাই।’ মালিকের নাম জানতে চাইলে তিনি জানেন না বলে জানান।
গণশৌচাগারটির সাপ্লাই পানির লাইন থেকে পানির জার ভরিয়ে নিচ্ছেন ফুটপাতের অনেক দোকানি। সেই পানিকেই তাঁরা ‘ফিল্টার পানি’ বলে বিক্রি করছেন। শৌচাগার থেকে পানি সংগ্রহ করতে টাকা দিতে হয় কি না—এমন প্রশ্নের উত্তরে এক দোকানি বলেন, ‘জারপ্রতি ১০ টাকা করে দিই।’
সুমনের মতে, দৈনিক প্রায় বারো শ থেকে পনেরো শ টাকা শৌচাগার থেকে আয় হয়ে থাকে। টাকা চলে যায় ইজারাদারের পকেটে, কিন্তু জনগণ মানসম্মত সেবা পান না।