আত্রাই নদের বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে জমি

নাটোরের সিংড়া উপজেলার চানপুরে ও খরমকুড়ি এলাকায় আত্রাই নদের বাঁধ ভেঙে বন্যার পানি চলনবিল ও আশপাশের ঘরবাড়িতে হু হু করে ঢুকতে শুরু করেছে। পানির তোড়ে এখানকার কয়েক হাজার বিঘার রোপা আমন ধান তলিয়ে গেছে। সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, আত্রাই নদের পানি বিপৎসীমার ৭১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
সিংড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আত্রাই নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কলম ইউনিয়নের চানপুর মাদ্রাসা এলাকায় বাঁধ ভেঙে যায়। এতে বন্যার পানি চলনবিল ও আশপাশের ঘরবাড়ি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই ডুবে যায় বাঁধের উত্তর-পূর্ব পাশের মাঠের দুই হাজার বিঘা জমির রোপা আমন ধান। বন্যার পানি ঢুকে পড়ায় এরই মধ্যে বলিয়াবাড়ি-চানপুর মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক বলেন, বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। উজানের পানি নেমে এ অঞ্চলে পানির উচ্চতা বাড়ছে।

এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় শেরকোল ইউনিয়নের খরমকুড়ি বাঁধ ভেঙে আত্রাই নদের পানি ভাগনারায়ণপুর মাঠে ঢুকে পড়ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব জানিয়েছেন, এখানকার পানিতে মাঠের প্রায় ৬০০ বিঘা জমির রোপা আমন ধান তলিয়ে গেছে। কৃষকেরা দিশেহারা হয়ে পানি ঠেকানোর চেষ্টা করছেন। কিন্তু পানির প্রবল স্রোতের কারণে বাঁধ মেরামত করা যাচ্ছে না।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসান জানান, পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকার বাঁধ মেরামতের চেষ্টা চলছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতির অবনতি হচ্ছে।