আধা কিলোমিটারে গর্ত দুর্ভোগে ছয় লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিচ ঢালাই উঠে গিয়ে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর উপজেলার প্রায় আধা কিলোমিটার অংশে অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই অংশ দিয়ে চলাচল করতে গিয়ে ছয় লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, সড়ক কর্তৃপক্ষ সঠিকভাবে মেরামত না করায় এবং নালা না থাকায় সড়কটির এই করুণ অবস্থা হয়েছে। ওই অভিযোগ অস্বীকার করে সড়ক কর্তৃপক্ষ পাল্টা অভিযোগ করেছে, স্থানীয় লোকজন দুই পাশ মাটি ফেলে উঁচু করে দোকান নির্মাণ করায় সড়কে জমে থাকা বৃষ্টির পানি সরতে পারে না। এতে সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইবান্ধা কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার। এর মধ্যে জেলা শহরের পুরোনো কারাগার থেকে কদমেরতল পর্যন্ত দুই কিলোমিটার অংশ সওজ বিভাগের। আবার এর মধ্যে বাঁধেরমাথা থেকে কদমেরতল এলাকা পর্যন্ত আধা কিলোমিটার অংশের পিচ ঢালাই উঠে গেছে। বিশেষ করে বাঁধেরমাথা-সংলগ্ন কাঠপট্টি এলাকার অবস্থা বেশি খারাপ।
গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, উত্তর দিক থেকে জেলা শহরে ঢুকতে এই সড়কটি ছাড়া বিকল্প পথ নেই। সদর উপজেলার ছয়টি ও সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের অন্তত ছয় লাখ মানুষ এই সড়ক দিয়ে জেলা শহরে যায়। এ ছাড়া এই সড়ক দিয়ে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকেও অনেক যানবাহন গাইবান্ধা জেলা শহরে আসে।
কাঠপট্টি এলাকার ব্যবসায়ী শাহ আলম বলেন, সড়কের দুই পাশের ব্যবসায়ীরা সব সময় ঝুঁকির মধ্যে থাকেন। কারণ, গর্তের কারণে সড়ক এবড়োখেবড়ো হয়ে যাওয়ায় প্রায়ই যানবাহন উল্টে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে যাচ্ছে। একই এলাকার কলেজছাত্র মিন্টু মিয়া বলেন, বৃষ্টির পর এই সড়ক দিয়ে যাতায়াত করতে বিড়ম্বনায় পড়তে হয়। সড়কের পাশে নালা না থাকায় বৃষ্টির পানি সরতে পারে না। তাই শিগগিরই নালা নির্মাণ করা প্রয়োজন।
খোলাহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ সামাদ অভিযোগ করেন, গত বছর সড়কের ওই অংশ মেরামতের জন্য সওজ কয়েক লাখ টাকা ব্যয় করে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কয়েক মাসের মধ্যে পিচ ঢালাই উঠে যায়।
সওজের গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় জনগণ সড়কের দুই পাশে মাটি কেটে উঁচু করে দোকান নির্মাণ করেছেন। এ কারণে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন করা যাচ্ছে না। ফলে পিচ ঢালাই দীর্ঘস্থায়ী হয় না। সড়কের ওই আধা কিলোমিটার অংশ শিগগিরই মেরামত করা হবে। নালা নির্মাণেরও উদ্যোগ নেওয়া হবে।