আবর্জনা, কচুরিপানায় ভরা ময়ূর

খুলনা শহরের কোল ঘেঁষে ময়ূর নদ। একসময়ের খরস্রোতা এ নদে এখন পানিপ্রবাহ নেই। আবর্জনা আর কচুরিপানায় ভরপুর নদীটি মৃতপ্রায়। প্রতিনিয়ত দখলে নদীর আয়তন সংকুচিত হচ্ছে। কুচকুচে কালো পানি আর দুর্গন্ধে শ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে।
ময়ূরকে রক্ষায় নানা পদক্ষেপের কথা শোনা গেলেও বাস্তবে তেমন কিছু হয়নি। নগরের জলাবদ্ধতা নিরসনে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ময়ূর নদ খনন করা হলেও মেলেনি কাঙ্ক্ষিত ফল। ময়ূর গঙ্গা অববাহিকার পুরোনো নদ। এটি খুলনা নগরের উত্তর-পশ্চিমাংশে গল্লামারী-সংলগ্ন অংশে অবস্থিত। একসময় রূপসা নদীর সঙ্গে এর সরাসরি সংযোগ থাকলেও এখন জলকপাটের (স্লুইসগেট) মাধ্যমে জোয়ার-ভাটা নিয়ন্ত্রণ করা হয়। একটা সময় ময়ূর নদে পানির স্বাভাবিক প্রবাহ থাকলেও বর্তমানে আলুতলা ১০ ভেন্ট স্লুইসগেট বেশির ভাগ সময় বন্ধ থাকায় পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে।
সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ‘খুলনার ময়ূর নদী ও সংযুক্ত খালসমূহ রক্ষা’ শিরোনামে এক গবেষণা চালায়। সেখানে বলা আছে, ২০০৪ সালে ময়ূর নদের ৪৬৬ বর্গমিটার জায়গা বেদখল থাকলেও ২০১৪ সালে তা ১০৭৫ বর্গমিটারে দাঁড়ায়। ১০ বছরে নদীর আয়তন কমেছে ৪ দশমিক ১৭ ভাগ।
খুলনা নগরের পানি নিষ্কাশন হয়ে থাকে পাশের বিভিন্ন নদীতে। নগরের গুরুত্বপূর্ণ সাতটি ড্রেনের মুখ ময়ূর ও এর দক্ষিণাংশ হাতিয়া নদীর সঙ্গে মিলিত। শত শত নালা-নর্দমা থেকে আসা ময়লা-আবর্জনা বিষাক্ত করে তুলছে নদীটির পানি।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, গল্লামারী এলাকায় বাঁশের চাটাই দিয়ে ঘিরে দখল করা হয়েছে নদী। নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে বিভিন্ন পাকা ভবন। বিভিন্ন নর্দমার আবর্জনা এসে পড়ছে নদীতে। ময়লা-আবর্জনা জমে নদীর বুক ভেসে উঠেছে। যত দূর চোখ যায় কালো পানির বুকে শুধুই কচুরিপানা।
ময়ূর নদসহ ২২ খাল খনন আন্দোলনের অন্যতম নেতা ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ জামান বলেন, ময়ূর নদের ৫০-৬০ শতাংশ নগরের মধ্য দিয়ে গেছে। নদীটির নাব্যতা অনেক আগেই হারিয়ে গেছে। বর্তমানে অবস্থা খুবই নাজুক।
খুলনা সিটি করপোরেশনের সম্পত্তিবিষয়ক (এস্টেট) কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, ময়ূর নদের প্রবাহ ঠিক রাখতে এর সংযোগ নদীগুলোও খনন করার সিদ্ধান্ত হয়েছে।