আবহাওয়ায় 'বর্ষার প্রাক্-মহড়া'


আজ মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়তে থাকে একটু একটু করে। বেলা ১০টা পর্যন্ত তা মোটামুটি সহনীয় ছিল বলা যায়। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রির মধ্যে ওঠা–নামা করছিল। কিন্তু এর এক–দুই ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা বেড়ে যায় তিন ডিগ্রির বেশি। ফলে ৩৪ ডিগ্রি তাপমাত্রা খুব বেশি না হলে কাজের তাগিদে ঘর থেকে বেরোনো মানুষজনকে হাঁসফাঁস করতে হয়েছে। আর যানজট এই কষ্টকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
আবহাওয়াবিদেরা বলছেন, ঢাকায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়, তার চেয়ে অনুভূত হয় কয়েক ডিগ্রি বেশি। তা ছাড়া গত কয়েক দিন রাজধানীর তাপমাত্রা ছিল আজকের এই সময়ের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি কম।
তবে বেলা দুইটার পর রাজধানীতে খুব অল্প সময়ের জন্য নেমে আসে বৃষ্টি। এই বৃষ্টির পরিমাণ রেকর্ডের মতো না হলেও স্বস্তি দিয়ে গেছে নগর জীবনে। দুই দফা বৃষ্টির কারণে তাপমাত্রা কমে আসে অনেকটাই। এ সময় তাপমাত্রা ৪ ডিগ্রি কমে ৩০ ডিগ্রিতে নেমে আসে। বেলা সাড়ে তিনটার দিকে তা আরও কমে ২৮ ডিগ্রি হয়। আর বিকেল চারটার দিকে ২৭ ডিগ্রিতে নেমে আসে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, গরমের মধ্যে বৃষ্টি নগরবাসীর জন্য স্বস্তি এনেছে। তবে এখনই প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ১০ জুনের পর মৌসুমি বায়ুর কারণে ঢাকাসহ সারা দেশেই বৃষ্টি শুরু হবে। তিনি বলেন, এখনো বর্ষাকাল আসেনি। তাই এখন যে বৃষ্টি হচ্ছে, তা ‘বর্ষার প্রাক্–মহড়া’ বলা যেতে পারে। মূলত বঙ্গোপসাগরের দক্ষিণ উপকূল থেকে মেঘ আসছে এবং পশ্চিমা লঘু চাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে।

