আবার জোয়ারের পানি খাতুনগঞ্জে
চট্টগ্রামের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকা পূর্ণিমার জোয়ারের পানিতে ডুবে গেছে। গতকাল সোমবার দুপুর থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকতে শুরু করে। অবশ্য বিকেলের দিকে এলাকা থেকে পানি নেমে যায়। এ সময় বাজারের বেচাকেনা স্থবির হয়ে পড়ে।
গত ১৪ জুলাই পূর্ণিমার জোয়ারে ডুবে গিয়েছিল খাতুনগঞ্জ বাজার। তবে গতবারের তুলনায় এবারের জোয়ারের প্রভাব কম ছিল বলে জানান ব্যবসায়ীরা। তার পরেও বেশ কিছু প্রতিষ্ঠানে পানি ঢোকে। এতে কিছু পণ্য নষ্ট হয়। পরে দোকানের কর্মচারীরা মগ-বালতি দিয়ে পানি নালায় ফেলেন।
চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, ‘এবার অবশ্য অনেকটা কম ক্ষতি হয়েছে। চাক্তাইয়ের প্রধান রাস্তায় পানি না এলেও কিছু কিছু এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢোকে।’
একই কথা বলেন চাক্তাই ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন।
খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘এবার তেমন পানি ওঠেনি। তাই কোনো অসুবিধা হয়নি।’