আবার লোকালয়ে ফিরল চন্দ্রবোড়া?

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বন বিভাগ একটি বিষধর চন্দ্রবোড়া সাপ অবমুক্ত করার এক ঘণ্টা পর তা লোকালয়ে ফিরে এসেছে বলে স্থানীয় লোকজন দাবি করেছেন। বন বিভাগ সাপটি যেখানে অবমুক্ত করেছে, তা লোকালয় থেকে খুব কাছে হওয়ায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
উপজেলার সদর ইউনিয়নের খালাশীডাঙ্গী গ্রামে গত মঙ্গলবার সকালে মুগখেতে একটি চন্দ্রবোড়া সাপ ধরা পড়ে। খবর পেয়ে ওই দিন বিকেল চারটায় উপজেলা বন কর্মকর্তা (ফরেস্টার) মো. ছালাউদ্দিন ঘটনাস্থলে যান। বন বিভাগের কর্মকর্তারা সাপটি নিয়ে মুগখেত থেকে কিছুটা দূরে পদ্মা নদীতে ছেড়ে দেন। গতকাল প্রথম আলোতে ‘জনতার হাতে ধরা পড়ল চন্দ্রবোড়া’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
কিন্তু অবমুক্ত করার এক ঘণ্টা পর খবর পাওয়া যায় সাপটি আবার নদীপারে চলে এসেছে। গত মঙ্গলবার বিকেল পাঁচটায় স্থানীয় নারায়ণ বিশ্বাস (৫৫) নদী থেকে গোসল করে ফেরার পথে সাপটি দেখতে পান।
ডাঙ্গী গ্রামের বাসিন্দারা বলেন, ডাঙ্গী গ্রামের মাত্র ৫০০ মিটার দূরে একটা খাল। ২০০ মিটার খালটি পদ্মা নদীর সঙ্গে মিলেছে। আর সেই খালে অবমুক্ত করা হয় চন্দ্রবোড়া সাপটি। অথচ ওই খালের পাড়েই কৃষিজমি, যেখানে প্রতিনিয়ত লোকজন যাতায়াত করছে। সাপটি যেখানে দেখতে পাওয়া যায়, সেখানে প্রতিদিন নানা বয়সী লোকজন গোসল করে। তারপরও কোন বিবেচনায় বন বিভাগ সাপটি সেখানে অবমুক্ত করল? তাঁরা এ ধরনের বিষধর সাপ যত্রতত্র অবমুক্ত না করে নিরাপদ স্থানে অবমুক্ত বা সংরক্ষণ করার দাবি জানান।
উপজেলা বন কর্মকর্তা মো. ছালাউদ্দিন বলেন, সাপ যদি ফিরে এসেও থাকে, তবে মানুষ দেখলে ভয় পেয়ে চলে যাবে।
ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হক ভূঁইয়া বলেন, বিষয়টি তিনি জানেন না। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।