আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত

বাংলাদেশ, নেপাল ও ভারতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার দুপুরে এ ভূমিকম্প হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে আবহাওয়াবিদ মো. মোমেনুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়েছে, বেলা একটা নয় মিনিট আট সেকেন্ডে ভূমিকম্প শুরু হয়। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৬, যা শক্তিশালী ভূমিকম্প। ঢাকা থেকে ৬১২ কিলোমিটার দূরে নেপালের কোদানি এলাকায় ছিল এর উৎপত্তিস্থল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসেবে, ভূমিকম্পের তীব্রতা ৬ দশমিক ৭। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
গতকাল নেপালে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নেপালে এখন পর্যন্ত প্রায় দুই হাজার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতেও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ভারতে ৪৪ জনের প্রাণহানি হয়েছে বলে গণমাধ্যমের খবরে জানানো হয়।