আমতলীতে ঝড়ে অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় গতকাল শনিবার দুপুরে আকস্মিক ঝড়ে শিক্ষা, ব্যবসাপ্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত ও বিপুলসংখ্যক গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

জানা গেছে, আমতলী পৌর শহরে গতকাল বেলা ২টা ৪০ মিনিটের দিকে আকস্মিক ঘূর্ণিঝড় আঘাত হানে। এর স্থায়িত্ব ছিল ২ মিনিট। ঝড়ের আঘাতে আমতলী সরকারি এ কে মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, প্রেসক্লাব, পুরোনো হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোয়ার্টারসহ স্থানীয় অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌর শহরের ওয়াপদা কলোনি, এ কে স্কুল, পল্লবী, নয়াবেঙ্গলী, লোচাসহ বিভিন্ন এলাকার অসংখ্য গাছ উপড়ে পড়ে। ভেঙে গেছে ৬টি বৈদ্যুতিক খুঁটি। বৈদ্যুতিক তার ছিঁড়ে পৌর শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ব্যবসায়ী পরিতোষ চন্দ্র রায় জানান, আকস্মিক ঝড়ে তাঁর দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমতলী সরকারি এ কে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বজলুর রহমান বলেন, ঝড়ে বিদ্যালয়ের টিনশেড ঘরের চাল উড়ে গেছে।

পল্লী বিদ্যুৎ সমিতির আমতলী আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী বিশ্বাস মো. জামাল বলেন, ঝড়ে আমতলী পৌর শহরের ৬টি স্থানের খুঁটি ভেঙে তার ছিঁড়ে গেছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।