আমুদে-খেলুড়ে, ফুর্তিবাজ পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়াটুনির এই ছবিটি লাউয়াছড়া বন থেকে তুলেছেন আদনান আজাদ
মায়াটুনির এই ছবিটি লাউয়াছড়া বন থেকে তুলেছেন আদনান আজাদ

আমাদের টুনটুনির চেয়েও আকারে-গড়নে ছোট এই পাখিরা যেমন আমুদে-খেলুড়ে ও ফুর্তিবাজ পাখি, তেমনি চালচলনেও আছে একটা কৌতুক-কৌতুক ভাব। চাহনি, বসা বা চলাফেরার ভেতরে আছে ‘অ্যাক্রোব্যাটদের’ মতো ভঙ্গি।

চলাফেরা-বসবাস হোগলাবন-ঝোপঝাড়-পানের বরজ- আখখেতে। এদের ধাতব-সুরেলা ও জোরালো ‘চাক্ চাক্ চাক্ চাক্’ ডাকটাই শোনা যায় বেশি, দেখা যায় কম। ত্বরিত পোকামাকড় ও নানান প্রজাতির ঘাসফড়িং ধাওয়া করে ঝোপঝাড়ের বাইরে আসে, মাটিতেও নামে। এ ছাড়া এদের খাদ্যতালিকায় আছে মৌমাছি-বোলতা-লার্ভা ও নানান রকম ফুলের মধুরেণু।

অল্প বিরতি দিয়ে ডাকাডাকি চালিয়েই যাবে। ডাকটা বেড়ে যায় বাসা বাঁধার মৌসুমে। তখন গলায় যেন প্রেমের সুর উছলে ওঠে, বলা যায় বাসা বাঁধার ‘আনন্দসংগীত’। বাসা বাঁধে মূলত বসন্ত থেকে বর্ষার শুরু পর্যন্ত। শুকনো পাতা-শিকড়, মাটিতে ঝরে পড়া পাতার ডাঁটি, কলাগাছের আঁশ, শুকনো ঘাস ইত্যাদি দিয়ে। ঝোপঝাড়-ঘাসবন-কাশবন, নলখাগড়ার ঝোপসহ সুপারি-তাল-খেজুরের চারার মাথার ভেতরে বাসা করে। সুন্দরবনে এরা গোলগাছের মাথার ভেতরে ও কেয়াঝোপেও বাসা করে। গোলগাছসহ তাল-খেজুরের রসও পান করে থাকে। ডিম দেয় তিন-চারটি। দুজনেই পালা করে তা দেয় ডিমে। ডিম ফুটে ছানা হয় ১২-১৬ দিনে।

চঞ্চল-চতুর ও আত্মগোপনে পারদর্শী এই পাখিটির নাম মায়াটুনি। হোগলাটুনি ও হলুদাভ-ডোরাবুক ছাতারে নামেও পরিচিত। তুখোড় প্রেমিক পুরুষ পাখিটা, ভালোবাসার মৌসুমে মাটিতে নেমে প্রেমিকার মুখোমুখি সোজা হয়ে দাঁড়িয়ে আর বুক ফুলিয়ে ও ঘাড়-মাথা দুলিয়ে দুলিয়ে যেন নাচ দেখায়, গলা থেকে ঝরতে থাকে প্রেমের গান। দুজনে ঘন হয়ে বসে, পরস্পরকে সোহাগ করে।

মায়াটুনির ইংরেজি নাম Striped Tit Babbler. বৈজ্ঞানিক নাম Macronous gularis. দৈর্ঘ্য ১১ সেমি। ওজন ১৬ গ্রাম। এদের পিঠ ও লেজের উপরিভাগটা গাঢ়-বাদামি। ঘাড়-মাথা জলপাই-বাদামি। গলা-বুক-পেট হলদেটে, গলা-বুকে হলুদের ওপর সরু সরু কালচে রেখা টানা। হলুদাভ পা, শ্লেট-ধূসররঙা ঠোঁট। পাখিটির মায়াবী চোখের ওপর দিয়ে আছে একটি সাদাটে-হলুদ টান।

হরিণ-নয়না আবাসিক এই পাখিটিকে সুন্দরবনসহ দেশের প্রায় সব এলাকাতেই দেখা যায়। বৃহত্তর সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বন আর চা-বাগানে এ পাখি এখনো ব্যাপকভাবে দৃশ্যমান। সুন্দরবনের সংলগ্ন জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বনজঙ্গলেও এদের প্রচুর দেখা যায়।