
আমটির রং নজরকাড়া, ঘ্রাণ পাগল করা, দেখতেও চমৎকার। কিন্তু নাম নেই। গাছটির মালিক ফেসবুকে আমের ছবি দিয়ে নাম আহ্বান করেছিলেন। তাতে সাড়া দিয়ে অনেকেই নাম পাঠিয়েছেন। তার ভেতর থেকে তিনি ‘রাঙা সিঁদুর’ নামটি বেছে নিয়েছেন। আম গবেষণাকেন্দ্রের বিজ্ঞানী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এই আমের স্বাদ গ্রহণ করেছেন। তাঁরা বলছেন, মিষ্টি তুলনামূলক একটু কম, তবে রং ও ঘ্রাণের কারণে আমটি সম্ভাবনাময় হতে পারে। এটা নিয়ে তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করবেন।
বর্তমানে গাছটি রয়েছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মঞ্জুরুল হকের বাগানে। বাগানটি রাজশাহীর পবা উপজেলার মতিয়াবিলে। মঞ্জুরুল হক জানান, বছর চারেক আগে চাঁপাইনবাবগঞ্জে দুটি আমবাগানের মাঝখানে অযত্নে বেড়ে ওঠা একটি গাছে এই আম ধরা শুরু হয়েছিল। ফজলি আমের মতো এই আম কাঁচাই খাওয়া যায়। আকর্ষণীয় রঙের কারণে পাকার আগেই এলাকার ছেলেরা এই আম পেড়ে খেয়ে ফেলত। অযত্নে গাছটি মারা যাচ্ছিল। তিনি শুধু একটি তাজা ডাল উদ্ধার করতে পেরেছিলেন। সেই ডাল থেকে তাঁর মতিয়াবিলের বাগানের তিন বছর বয়সী একটি গাছে কলম (টপ ওয়ার্কিং) করেছিলেন। এক ডাল থেকে আস্তে আস্তে গাছে অন্যান্য ডালে কলম করেছিলেন। এবার প্রথম আম এসেছিল। ২৫টি। কাঁচা থাকতেই আকর্ষণীয় রং হচ্ছে। পাকলে চমৎকার ঘ্রাণ ছড়াচ্ছে। আমের গড় ওজন ৩৬০ গ্রাম। টিএএস (মিষ্টতা) সাড়ে ১৪ শতাংশ। মঞ্জুরুল হক দাবি করেছেন, এটা নতুন জাতের আম।
তিনি বলেন, উদ্যান তত্ত্ব গবেষণাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ থেকে রঙিন জাতের আমের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির আলোকে গত বুধবার (৫ জুলাই) উদ্যান তত্ত্ব গবেষণাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জে এই আমের ‘জার্ম প্লাজম’ পাঠানো হয়েছে।
জানতে চাইলে উদ্যান তত্ত্ব গবেষণাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হামিম রেজা বলেন, তিনি এই আম খেয়ে দেখেছেন। আমটির রং আকর্ষণীয় কিন্তু অতটা স্বাদের নয়। এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হুদা এই আমের স্বাদ গ্রহণ করেছেন। তিনি বলেন, আমের আকর্ষণীয় রং, দর্শনীয় আকার আর চমৎকার ঘ্রাণের জন্য এই আমের সম্ভাবনা রয়েছে। মিষ্টি একটু কম হলেও লক্ষ্মণভোগের চেয়ে সুস্বাদু।
রাজশাহী ফল গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দীন এই আম খেয়ে দেখেছেন। বললেন, এটা একটা রঙিন আম। এই রংটা অপেক্ষাকৃত মিষ্টি কোনো আমের সঙ্গে ‘ক্রস’ করে নতুন জাত উদ্ভাবনের জন্য গবেষণা করতে হবে।