আরও দুটি প্রাথমিক বিদ্যালয় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে মাত্র ১০ দিনের মধ্যে আরও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। এর মধ্যে নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘরটি ১৮ অক্টোবর নদী গ্রাস করে। ভাঙনের ঝুঁকিতে থাকা বিদ্যালয়ের দোতলা পাকা ভবন নিলামে বিক্রি করা হয়েছে। এর আগে ১০ অক্টোবর জাজিরা উপজেলার ৩৯ নম্বর পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা পাকা ভবন নদীগর্ভে হারিয়ে যায়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪২ সালে প্রতিষ্ঠা করা হয়। টিনের ঘরে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চালানো হতো। ২০০৮-০৯ অর্থবছরে দোতলা একটি পাকা ভবন নির্মাণ করা হয়। বুধবার টিনের ঘরটি পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। বিদ্যালয়টিতে ২১৬ জন শিক্ষার্থী রয়েছে। তাদের এখন পাশের পোরাগাছা গ্রামে একটি মাদ্রাসার দুটি কক্ষে পাঠদান করা হচ্ছে।
জাজিরা উপজেলার ৩৯ নম্বর পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৯ সালে স্থাপন করা হয়। তখন টিনের ঘরে বিদ্যালয়ের কার্যক্রম চালানো হতো। ২০০৯-১০ অর্থবছরে ওই বিদ্যালয়ে একটি চার কক্ষের পাকা একতলা ভবন নির্মাণ করা হয়। ১০ অক্টোবর ভবনটি পদ্মার নদীতে বিলীন হয়ে যায়। এ কারণে এক সপ্তাহ বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়। বিদ্যালয়ের শিক্ষকেরা ওই গ্রামের শেষ প্রান্তে একটি টিনের ঘর নির্মাণ করে পাঠদান করছেন।
গত বৃহস্পতিবার ঈশ্বরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, পদ্মা ভাঙতে ভাঙতে দোতলা পাকা ভবনের কাছে চলে এসেছে। নদী যেকোনো সময় ভবনটি গ্রাস করতে পারে। নিলামে বিক্রি করায় ওই ভবনের দরজা–জানালা খুলে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাহিম সিকদার ও নির্জন হাসান বলে, তাদের সামনে সমাপনী পরীক্ষা। কিন্তু মাদ্রাসার কক্ষে তাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের চোখের সামনে বিদ্যালয়ের মাঠ, একটি টিনশেড ঘর নদীতে বিলীন হয়ে গেল। নদীতে ভাঙছে আর বুকের মধ্যে আঘাত লাগছে। শিশুদের নিয়ে অনেক বড় বিপদে পড়ে গেলাম। এখনো কোথায়ও বিদ্যালয় পুনরায় স্থাপন করার জায়গা পাইনি। কত দিন মাদ্রাসায় ক্লাস চালাতে হবে, জানি না।’
এদিকে জাজিরা উপজেলার ৩৯ নম্বর পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির সহায়তায় একটি ছাপরা নির্মাণ করা হয়েছে। সেখানে পাঠদান চলছে। কত দিন তা চালানো যাবে, জানি না।’
এ নিয়ে চলতি বছর এই জেলার ৯টি প্রাথমিক ও ১টি উচ্চবিদ্যালয় পদ্মা নদীতে হারিয়ে গেল।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নদীভাঙনের শিকার এসব বিদ্যালয়ের জন্য যাতে দ্রুত ঘর নির্মাণ করা হয়, সে পদক্ষেপ নেওয়া হবে।