আরও সাত জেলায় চিকুনগুনিয়া
চিকুনগুনিয়া ঢাকার বাইরেও ছড়াচ্ছে। কমপক্ষে আরও সাতটি জেলায় চিকুনগুনিয়ার রোগী পেয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। জেলাগুলো হলো নরসিংদী, গোপালগঞ্জ, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, নেত্রকোনা ও জয়পুরহাট। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে নরসিংদীতে। অন্য জেলাগুলোতে একজন-দুজন করে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা প্রথম আলোকে বলেন, ‘এই জেলাগুলো থেকে আমরা লিখিতভাবে রোগীর কথা জেনেছি। লক্ষণ দেখে চিকিৎসকেরা জানিয়েছেন, এরা চিকুনগুনিয়ায় আক্রান্ত। তবে ওই সব জেলায় চিকুনগুনিয়ার পরীক্ষার কোনো ব্যবস্থা নেই।’
আইইডিসিআর গত সপ্তাহে ঠাকুরগাঁওয়ে চিকুনগুনিয়ার রোগী পাওয়ার কথা জানিয়েছিল। ওই জেলার সিভিল সার্জন আবু মোহাম্মদ খয়রুল কবির বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ছয়জন রোগী পাওয়া গেছে। এরা সবাই ঢাকা থেকে ঠাকুরগাঁও গেছে।
এত দিন বলা হচ্ছিল, চিকুনগুনিয়া শনাক্ত করার যন্ত্র শুধু আইইডিসিআরে আছে। তবে আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং বেসরকারি অ্যাপোলো হাসপাতাল জানিয়েছে, তাদেরও চিকুনগুনিয়া শনাক্ত করার যন্ত্র আছে। এই দুটি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষার জন্য যথাক্রমে চার ও পাঁচ হাজার টাকা নেওয়া হচ্ছে। আইইডিসিআরে বিনা মূল্যে নমুনা পরীক্ষা হচ্ছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও কীটতত্ত্ববিদদের সমন্বয়ে ৩০ সদস্যবিশিষ্ট জাতীয় চিকুনগুনিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, সারা দেশে চিকুনগুনিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এই কমিটি। এ ছাড়া চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরকে এবং মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে পরামর্শ দেবে। তিনি জানান, পর্যবেক্ষণে দেখা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতি ১১ জনে একজন চিকুনগুনিয়ায় আক্রান্ত।
আইইডিসিআরে গত সাড়ে তিন মাসে প্রায় ৩ হাজার মানুষ চিকুনগুনিয়ার পরীক্ষা করিয়েছে। এর মধ্যে গতকাল পর্যন্ত ৬৪৯ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
চিকুনগুনিয়া বিষয়ে দুটি মুঠোফোনে পরামর্শ সেবার ব্যবস্থা করেছে আইইডিসিআর। ০১৯৩৭০০০০১১ এবং ০১৯৩৭১১০০১১ নম্বর থেকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পরামর্শ পাওয়া যাচ্ছে বলে আইইডিসিআর জানিয়েছে।