পদ্মা নদীর ভাঙনে গত তিন দিনে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৭টি গ্রামের ২০০ পরিবার গৃহহীন হয়েছে। ওয়াপদা বাজারের ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙনের শিকার হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও ১ হাজার পরিবারের ঘরবাড়ি। আতঙ্কিত লোকজন তাঁদের বসতঘরের আসবাব অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ১০ দিন ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ১০ দিনে পদ্মার পানি সুরেশ্বর পয়েন্টে ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এর মধ্য গত দুই দিনে বেড়েছে ১৭ সেন্টিমিটার। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীতে প্রচণ্ড স্রোতের সৃষ্টি হয়েছে। ¯মূলত এ কারণে ভাঙন শুরু হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি ও শের আলী মাদবরকান্দি; কেদারপুর ইউনিয়নের পূর্ব নড়িয়া, সাহেবের চর, কেদারপুর, চর জুজিরা ও পাঁচগাঁও গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনের ভাঙনে গ্রাম দুটির ২১০টি পরিবার গৃহহীন হয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে আরও ১ হাজার পরিবার। কেদারপুর ইউপির ওয়াপদা বাজারের ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে।
কেদারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সানাউল্লাহ বলেন, ‘আমার ইউনিয়নের ৫টি গ্রাম ভাঙনকবলিত। গত কয়েক দিনের ভাঙনে ১৬৩টি পরিবার গৃহহীন হয়েছে। তাদের সহায়তা প্রদান করার জন্য তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।’
নড়িয়া উপজেলার শেহের আলী মাদবরকান্দি গ্রামের বাসিন্দা রোকসানা বেগম (৪৫)। পদ্মার ভাঙনে ফসলসহ জমি বিলীন হয়েছে। বসতবাড়িটি বিলীন হয়েছে। বৃহস্পতিবার নদীর তীরে বসে বিলাপ করছিলেন এই নারী। এখন পরিবারের পাঁচ সদস্য নিয়ে কোথায় আশ্রয় নেবেন সে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘চোখের সামনে সব শেষ হয়ে গেল, কিছুই করতে পারলাম না। ঘরের কিছু জিনিস সরিয়ে নিতে পেরেছি। এখন কোথায় যাব, কী খাব? কিছুই জানি না।’ ঈশ্বরকাঠি গ্রামের মোতালেব মাদবর বলেন, ‘নদীভাঙনে আমরা নিঃস্ব। সর্বস্ব হারিয়ে এখন রাস্তায় আশ্রয় হয়েছে, বাকি জীবন কীভাবে বাঁচব? সরকার কেন আমাদের দুর্দশার কথা বিবেচনা করে ভাঙন বন্ধ করতে ব্যবস্থা নেয় না।’
ওয়াপদা বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘ভাঙনের ভয়ে ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিয়েছি। রাস্তার ওপর ব্যবসা চালাচ্ছি, যেকোনো সময় তাও বিলীন হয়ে যেতে পারে।’
শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, এ এলাকাটি ভাঙনপ্রবণ। প্রতিবছরই এখানে পদ্মা নদীর ভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জাজিরার কুণ্ডের চর থেকে নড়িয়ার সুরেশ্বর লঞ্চঘাট পর্যন্ত ৮ হাজার ৯০০ মিটার বাঁধ দেওয়া হবে। ১ হাজার ২৯৪ কোটি টাকার একটি প্রকল্পপ্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা আছে। প্রকল্পটি অনুমোদন হলে এ এলাকার ভাঙনরোধ করা সম্ভব হবে।
শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ‘এ বছর একটু আগেই পদ্মার ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কিছু তালিকা পেয়েছি। তাঁদের খাদ্যসহায়তা ও নগদ অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হবে। ভিটেমাটি হারানো ব্যক্তিদের খাস জমি দেওয়া হবে।’