আরেকটি সুন্দরবন তৈরি করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলুপ্তির পথে: মাস্ক ফিনফুট। এ পাখি একসময় পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক ঝরনায় দেখা যেত। এখন এদের শুধু সুন্দরবনে দেখা যায়। চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে এদের বেশি দেখা মেলে। পৃথিবীর বেশির ভাগ স্থান থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। মাটির এক থেকে দেড় মিটারের মধ্যে এরা বাসা বাঁধে
বিলুপ্তির পথে: মাস্ক ফিনফুট। এ পাখি একসময় পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক ঝরনায় দেখা যেত। এখন এদের শুধু সুন্দরবনে দেখা যায়। চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে এদের বেশি দেখা মেলে। পৃথিবীর বেশির ভাগ স্থান থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। মাটির এক থেকে দেড় মিটারের মধ্যে এরা বাসা বাঁধে

সুন্দরবনকে আমি বলি প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। এ বনের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জীববৈচিত্র্য সৃষ্টির ক্ষমতা, তা অনেকের কাছে বিস্ময়ের কারণ। বিশ্বসেরা বেঙ্গল টাইগার, আট প্রজাতির ডলফিন, নয় প্রজাতির মাছরাঙা ১ লাখের মতো হরিণ এই বনে বাস করে। জলে কুমির, ডাঙায় বাঘ। এ প্রবাদটি শুধু সুন্দরবনের ক্ষেত্রেই খাটে। কী অসম্ভব জীবনীশক্তি থাকলে একটি বনে ৩৩৪ প্রজাতির বৃক্ষ জন্মাতে পারে। আমাজনের পরেই বিশ্বে প্রতি বর্গমিটারে সবচেয়ে বেশি বায়োমাস (জীবসমষ্টি) রয়েছে এ সুন্দরবনেই। এ বনে আরও কত নাম না-জানা প্রাণী ঘুরে বেড়ায়, বেড়ে ওঠে, তার সবটা তো আমরা এখনো জেনেই উঠতে পারিনি। এর প্রাণসম্পদের অনেক কিছুই এখনো অজানা রয়ে গেছে।
বিশ্বে এক ও অদ্বিতীয় সুন্দরবন
বাংলাদেশে যে কটি বন রয়েছে, তার মধ্যে একমাত্র সুন্দরবনই তার আদি অকৃত্রিম প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে টিকে আছে। এখানে অন্য বনগুলোতে ব্রিটিশ আমল থেকে পাকিস্তান, এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও প্রাকৃতিক বন ধ্বংস করে বাইরের প্রজাতির গাছ লাগানো হয়েছে। ফলে পার্বত্য চট্টগ্রাম বা লাউয়াছড়া বা মধুপুরের বনকে আমরা প্রাকৃতিক বন বলতে পারি না। সুন্দরবনই তার ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে নিজেকে টিকিয়ে রাখতে পেরেছে। এর প্রধান কারণ সুন্দরবনে কেউ চাইলেই বাস বা ট্রাক নিয়ে যেতে পারে না। সম্পূর্ণ নদী পরিবেষ্টিত এ বনটি নদী ও খাল দিয়ে জনবসতি থেকে বিচ্ছিন্ন। তাই সারা দেশে যখন বন ধ্বংস এবং বন্য প্রাণীরা নিধন হতে হতে বিলুপ্ত হতে চলেছে, সেখানে সুন্দরবনই এসব প্রাণীর শেষ আশ্রয়স্থল। তাই যেকোনো মূল্যে এ বনটিকে রক্ষা করা জরুরি।

আমাদের মনে রাখতে হবে, এখানকার একেকটি প্রাণী বিবর্তনের নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে সুন্দরবনের প্রতিবেশে তারা নিজেদের মানিয়ে নিয়েছে। ফলে আমরা শত চেষ্টা করেও আরেকটি সুন্দরবন তৈরি করতে পারব না। তাই যে বন আমরা তৈরি করতে পারব না, তা ধ্বংস করার অধিকারও আমাদের নেই। কিন্তু আমরা প্রকৃতির এই অপার বিস্ময়ের আধার বনটি ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি।

বিলুপ্ত: আঠারো শতকেও এক শিঙ্গা ও জাভার নামের দুটি গন্ডারের প্রজাতি সুন্দরবনে ছিল। এখন তা বিলুপ্ত। ব্রিটিশ প্রাণিবিদ্যা জাদুঘরে জাভার একটি মৃতদেহ সংরক্ষিত আছে
বিলুপ্ত: আঠারো শতকেও এক শিঙ্গা ও জাভার নামের দুটি গন্ডারের প্রজাতি সুন্দরবনে ছিল। এখন তা বিলুপ্ত। ব্রিটিশ প্রাণিবিদ্যা জাদুঘরে জাভার একটি মৃতদেহ সংরক্ষিত আছে

আমাদের যাঁরা নীতিনির্ধারক আছেন, যাঁরা দেশ চালান, তাঁদের এই বনের সম্পদ সম্পর্কে কোনো ধারণা আছে কি না, আমার সন্দেহ। কেননা এ সম্পদের খোঁজ তাঁরা জানতে পারলে বনটি বুক দিয়ে আগলে রক্ষা করতেন। অতীতে অনেক বড় বড় ঝড়-জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন আমাদের বুক দিয়ে আগলে রক্ষা করেছে। নিজে ক্ষতবিক্ষত হয়ে আমাদের প্রাণ ও সম্পদকে বাঁচিয়েছে। সর্বশেষ ২০০৭ সালে সিডর ও ২০০৯ সালে আইলা সুন্দরবনেই প্রথম আঘাত হেনেছে। দু-এক বছর পরেই সুন্দরবন ঝড়ের আঘাতের ক্ষতি পুষিয়ে উঠেছে। প্রকৃতির আঘাত সয়ে সুন্দরবন প্রাকৃতিকভাবে ক্ষতি পুষিয়ে উঠতে পারে। এটা অতীতে আমরা দেখেছি। কিন্তু মানুষ যখন সুন্দরবনের ক্ষতি করে, তখন তা মোকাবিলা করা বেশ কঠিন। যেমন সাম্প্রতিক তেল বিপর্যয়ের কারণে যে ক্ষতি হয়ে গেল, তা কত দিনে পুষিয়ে ওঠা যাবে, তা অনুমান করা কঠিন। সুন্দরবনের শ্যালা নদী থেকে গত বৃহস্পতিবার বন বিভাগের কর্মীরা মৃত দুটি ভোঁদড় উদ্ধার করেছেন। ভোঁদড় দুটির ময়নাতদন্ত করে বন বিভাগ নিশ্চিত হয়েছে যে, তাদের মৃত্যু হয়েছে শরীরে তেল প্রবেশ করায়। বন বিভাগের প্রাণী চিকিৎসকেরা প্রাণী দুটির মুখে ও ফুসফুসে ফার্নেস তেল পেয়েছেন।
একসময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে অসংখ্য ভোঁদড়ের দেখা মিলত। এখন শুধু সুন্দরবনেই এর দেখা মেলে।
দেশে এই প্রাণীটি মহাবিপন্ন প্রজাতি হিসেবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) তালিকায় অন্তর্ভুক্ত।
সুন্দরবনের যে ক্ষতি হয়ে গেল, তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এ ক্ষতি পুষিয়ে ওঠার জন্য সুন্দরবনকে সহায়তা করলেই হবে। সবচেয়ে বেশি যেটা করতে হবে, সুন্দরবনকে আর বিরক্ত করা যাবে না। বিরক্ত না করলে সুন্দরবন আবারও অন্যদিক দিয়ে, অন্যভাবে জেগে উঠবে।
রেজা খান, বন্য প্রাণী বিশেষজ্ঞ ও দুবাই চিড়িয়াখানার প্রধান