
গলা-মাথা-চিবুক, ঘাড়-পিঠসহ লেজের উপরিভাগটা নীল, আর বুক-পেট-পেটের দুপাশসহ লেজের তলাটা আলতা-লাল রঙের, তাতে কমলার আভা ছড়ানো। খুব সুন্দর ছোট পাখিটার নামটিও সুন্দর। আলতানীল চটক, আলতা চটক বা শুধু নীলচটক বা কমলা চটক। চকচকে লালাভ চোখসহ নীলচে পা ও ঠোঁটসহ ঠোঁটের গোড়ার গোঁফসদৃশ কালচে চুল-পালকগুলো পাখিটির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। অবশ্য চিবুক-গলা ঘন-কালচে নীল, মাথার তালু ও ঘাড় উজ্জ্বল-নীল। ঋতুভেদে বুকে অস্পষ্ট কমলা রং দেখা যায়। এমনিতে বুক-পেট লাল বা হলুদাভ-লাল। এটি হলো পুরুষ পাখি। মেয়েটি অপেক্ষাকৃত কম সুন্দরী হলেও কম যায় না কিছু। জলপাই-বাদামি রঙের সঙ্গে লালচে আভাসহ মাথা-ঘাড়-গলা-পিঠ ও লেজের উপরিভাগটা বেশ চকচকা-ঝকঝকা, সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বুকের ওপরের ডিম্বাকৃতির একটা তুলোট-সাদা ছোপ এবং ঘাড়ের দুপাশের নীলচে পালকের সারি। নীলচে পা ও ঠোঁট। পুরুষটির মতো এটিরও ঠোঁটের গোড়ার ওপর-নিচে গোঁফ-পালক রয়েছে।
বেশ অলস স্বভাবের আলতা চটকেরা হলো আমাদের দেশের শীতের পরিযায়ী পাখি। পাহাড়-পর্বতের উঁচুতে বসবাস করে, সেখানেই বাসা-ডিম-ছানা, শীতে নেমে আসে পাদদেশে, বলা যায় ছোট ছোট ঝোপঝাড়ে ও মাটিতেই চরে। মূল খাদ্য নানা রকম পোকামাকড়, কীটপতঙ্গ ও কিছু নরম জামজাতীয় ফল। বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম ও বৃহত্তর সিলেটের টিলা-পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এসব জায়গায় সুযোগ পেলে উইপোকা ও কেঁচোর মতো নরম প্রাণীও খায়।
এদের ইংরেজি নাম Rufous-bellied Niltava। বৈজ্ঞানিক নাম Niltava sundara। দৈর্ঘ্য ১৫ থেকে ১৬ সেন্টিমিটার। সুরেলা মিষ্টি গলা এদের। খুব সুন্দর গান করে।