কপ-২০ নামে পরিচিত লিমার জলবায়ু সম্মেলনে গত মঙ্গলবার থেকে চলছে উচ্চপর্যায়ের আলাপ-আলোচনা। মন্ত্রী পর্যায়ের এই আলোচনায় বৈশ্বিক উষ্ণতা রোধ এবং জলবায়ুসংকটে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর সহায়তায় অভিযোজন খাতে অর্থায়নে সর্বসম্মত একটি চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার কথা। আগামী বছরের ডিসেম্বরে প্যারিসে কপ-২১ সম্মেলনে সে খসড়াটি গৃহীত হওয়ার মাধ্যমে তা আইনগত বাধ্যবাধকতা অর্জন করবে।
উচ্চপর্যায়ের আলোচনার উদ্বোধনী বৈঠকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন চলতি আলোচনার ধীরগতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চুক্তিটি নিয়ে দর-কষাকষির সময় হাতে নেই। সর্বসম্মতভাবে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণের মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা এখনো সম্ভব।
আগামীকাল শুক্রবার সম্মেলন শেষ হবে। এর আগেই একটি সর্বসম্মত চুক্তির ব্যাপারে সব পক্ষের আগ্রহ আছে। তবে কার্বন নিঃসরণ সীমা ও অভিযোজনের জন্য উন্নত দেশগুলোর ওপর ধার্য চাঁদার পরিমাণ নিয়ে বিতর্ক চলতে থাকায় নির্দিষ্ট সময়ে খসড়া প্রণয়নে সন্দেহ রয়েছে। জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ বৃহস্পতিবার সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে লিমা এসে পৌঁছাবেন। যুক্তরাষ্ট্র যে একটি সর্বসম্মত খসড়া চুক্তিতে আগ্রহী, কেরির উপস্থিতিতে তার প্রমাণ হবে বলে মার্কিন পক্ষ থেকে বলা হয়েছে।
এদিকে অভিযোজন খাতের জন্য অস্ট্রেলিয়া ও বেলজিয়াম নতুন চাঁদা ঘোষণা করায় এই লক্ষ্যে গঠিত সবুজ জলবায়ু তহবিলে প্রতিশ্রুত মোট অর্থের পরিমাণ হাজার কোটি ডলারে (১০ বিলিয়ন) দাঁড়িয়েছে। এই তহবিলের নির্বাহী প্রধান ঘোষণা করেছেন, ২০১৬ নাগাদ অর্থ বিলিবণ্টন শুরু হবে। ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো ২০২০ সাল নাগাদ এই তহবিলের জন্য বার্ষিক ১০ হাজার কোটি ডলারের একটি জলবায়ু তহবিল গঠনে সম্মত হয়। সে লক্ষ্য অর্জন এখনো দূর অস্ত। তবে সব পক্ষই লক্ষ্য অর্জনের ব্যাপারে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে।
তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী ক্ষতিকর গ্রিনহাউস নিঃসরণের প্রশ্নে অবশ্য উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর দূরত্ব এখনো বিস্তর। গত মাসে যুক্তরাষ্ট্র ও চীন তাদের নিঃসরণ লক্ষ্যমাত্রা ঘোষণা করায় কোনো কোনো মহলে আশাবাদের সূচনা হয়েছিল। ১৯৯৭ সালে স্বাক্ষরিত কিয়োটো প্রটোকলে শুধু উন্নত বিশ্বকে নিঃসরণে দায়বদ্ধ ঘোষণা করা হয়। তবে কোপেনহেগেন বৈঠকে উন্নয়নশীল দেশসহ মোট ১৪১টি দেশকে নিঃসরণ-প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ঘোষণা করা হয়। লিমা বৈঠকে এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা, যদিও ভারতসহ জলবায়ুসংকটের সম্মুখীন দেশগুলো তাদের জন্য তেমন কোনো মাত্রা নির্ধারণের বিপক্ষে। ২০১৫ সালের মধ্যে প্যারিসে চূড়ান্ত সম্মেলনের আগেই, উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো তাদের জাতীয় নিঃসরণ মাত্রা ঘোষণা করার কথা। কিন্তু কে কোন মাত্রায় নিঃসরণ নিশ্চিত করবে, সে প্রশ্নে এখন পর্যন্ত মতৈক্য অর্জনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
কোনো কোনো মহল বলছে, নির্ধারিত সময়ের মধ্যে খসড়া চুক্তি চূড়ান্ত করার খাতিরে জাতীয় নিঃসরণ মাত্রা এ মুহূর্তে নির্ধারণ করার প্রয়োজন নেই। যদি শেষ পর্যন্ত তাই হয়, তাহলে বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধি নিয়ন্ত্রণের প্রধান লক্ষ্যটি অর্জিত হবে না। বিশ্বের অন্যতম প্রধান গ্রিনহাউস গ্যাসের উৎপাদক দেশ যুক্তরাষ্ট্র দাবি করেছে, ভারত, চীন বা ব্রাজিলের মতো উন্নয়নশীল অর্থনীতির এবং সেই সঙ্গে গ্রিনহাউস গ্যাসের উৎপাদক দেশগুলোকে তাদের নিঃসরণ মাত্রার ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে। কোনো কোনো উন্নয়নশীল দেশ, যেমন ফিলিপাইন তাদের জন্য নিঃসরণ মাত্রা নির্ধারণে আগ্রহী। একইভাবে, ব্রাজিলের পক্ষে বিলি করা একটি খসড়া প্রস্তাবে (বা নন-পেপার) উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির সম্ভাব্য ধারণক্ষমতার ভিত্তিতে ঐচ্ছিক নিঃসরণ মাত্রা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশসহ মোট ২০টি দেশ নিয়ে গঠিত ‘ক্লাইমেট ভালনারেবল গ্রুপ’ একই সঙ্গে নিঃসরণ মাত্রা নির্ধারণ ও অভিযোজন খাতে অর্থায়নের ওপর জোর দেয়। সম্মেলনে বাংলাদেশের পক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব নজিবুর রহমান ইতিপূর্বে ২০১১ সালে এই গ্রুপের ঢাকা বৈঠকে গৃহীত ঘোষণার প্রতি গ্রুপের সদস্যদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। ‘ঢাকা ঘোষণায়’ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের আইনগতভাবে বাধ্য মাত্রা নির্ধারণ এবং ক্ষতিকর কার্বন গ্যাস যতটা কমানো সম্ভব, এমনভাবে অর্থনীতি গড়ে তোলার পক্ষে সমর্থন ব্যক্ত করেছিল দেশগুলো।