আশুলিয়ায় পোশাক কারখানা থেকে গন্ধগোকুল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়ার টংগাবাড়ির ন্যাচারাল ডেনিম লিমিটেড নামের একটি পোশাক কারখানা থেকে আজ শুক্রবার দুপুরে একটি গন্ধগোকুলকে উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। উদ্ধারের পর বিকেলে এটি ছেড়ে দেওয়া হয় মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে। ছবি: বন বিভাগের সৌজন্যে

আকারে বিড়ালের চেয়ে কিছুটা বড়। বাঘের মতো ফোঁটা ফোঁটা কালো দাগ শরীরজুড়ে। তবে আচরণ হিংস্র নয়। বাস করে গ্রামের ঝোপজঙ্গলে। প্রাণীটির নাম গন্ধগোকুল। ঝোপজঙ্গলের এই প্রাণীটিকে আজ শুক্রবার পাওয়া গেছে আশুলিয়ার টংগাবাড়ির একটি পোশাক কারখানায়। ন্যাচারাল ডেনিম লিমিটেড নামের ওই কারখানা থেকে দুপুরে উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। পরে বিকেলে এই গন্ধগোকুলকে ছেড়ে দেওয়া হয় মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে।

প্রাণী বিশেষজ্ঞরা জানান, দিনের বেলা গন্ধগোকুলের বিচরণ খুব একটা চোখে পড়ে না। গাছের ডালে বিশ্রাম নিয়ে থাকে। রাতের বেলা চলাচল করে। এদের শরীরে তীব্র ঝাঁজালো গন্ধ থাকে। জায়গা বদল করলেও গন্ধগোকুলের দুর্গন্ধ থাকে দীর্ঘ সময়। কিছু কবিরাজ গন্ধগোকুল দিয়ে ওষুধ তৈরি করেন। তাঁরা গ্রামের লোকজনকে টাকা দেয় গন্ধগোকুল ধরার জন্য। টাকার লোভে অনেকে গন্ধগোকুল মেরে কবিরাজদের সরবরাহ করে।

আশুলিয়ার টংগাবাড়ির ন্যাচারাল ডেনিম লিমিটেড নামের একটি পোশাক কারখানা থেকে আজ শুক্রবার দুপুরে একটি গন্ধগোকুলকে উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। উদ্ধারের পর বিকেলে এটি ছেড়ে দেওয়া হয় মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে। ছবি: বন বিভাগের সৌজন্যে
আশুলিয়ার টংগাবাড়ির ন্যাচারাল ডেনিম লিমিটেড নামের একটি পোশাক কারখানা থেকে আজ শুক্রবার দুপুরে একটি গন্ধগোকুলকে উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। উদ্ধারের পর বিকেলে এটি ছেড়ে দেওয়া হয় মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে। ছবি: বন বিভাগের সৌজন্যে

বন বিভাগের পরিদর্শক নিগার সুলতানা বলেন, গতকাল বিকেলে ন্যাচারাল ডেনিম লিমিটেডের কারখানার একটি গুদামের ভেতর ঢুকে পড়ে গন্ধগোকুলটি। গোডাউন থেকে দুর্গন্ধ টের পেয়ে কারখানার শ্রমিকেরা গন্ধগোকুলকে মেরে ফেলার চেষ্টা করে। গুদামের ভেতর থেকে চিৎকার করতে থাকে এটি। তবে সেখানকার নিরাপত্তা কর্মকর্তা সারওয়ার আহমেদ ফোনে যোগাযোগ করেন বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী শাখা, ঢাকা) জহির উদ্দিন আকন্দের সঙ্গে। এরপর আজ সকালে বন বিভাগের অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিকসহ চারজনের একটি দল ঘটনাস্থলে যান। সেখানে গন্ধগোকুলটিকে অচেতন করা হয়। চেতনা ফিরে আসার পর মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে ছেড়ে দেওয়া হয় প্রাণীটিকে।
নিগার সুলতানা বলেন, লেজসহ গন্ধগোকুলটি লম্বা চার ফুটের বেশি। এর ওজন আট কেজি।

বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক প্রথম আলোকে বলেন, গন্ধগোকুল সাধারণত ইঁদুর, হাঁস-মুরগি শিকার করে খেয়ে খাকে। তবে মানুষকে আক্রমণ করে না। অনেকে হিংস্র প্রাণী ভেবে গন্ধগোকুলকে মেরে ফেলে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল খান প্রথম আলোকে বলেন, গন্ধগোকুল জঙ্গলে বিচরণ করে, গাছপালায় থাকে। অনেকে গন্ধগোকুলকে বাগডাশও বলে থাকেন।