আসি আসি করে শীত কেন আসে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রহায়ণ মাসেও আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা-কালো মেঘের ভেলা। কারওয়ান বাজার, ঢাকা, ৪ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
অগ্রহায়ণ মাসেও আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা-কালো মেঘের ভেলা। কারওয়ান বাজার, ঢাকা, ৪ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

অগ্রহায়ণ যাই যাই করছে, কিন্তু হাড় কাঁপানো সেই শীত কই? তা না হোক, গরম কাপড়ে জবুথবু হয়ে চলার মতো শীতও তো নেই। অথচ আর সপ্তাহ খানেক পরই আসছে পিঠাপুলির পৌষ। রাজধানীতে শীত তো তেমন মালুমই হচ্ছে না। সকাল-সন্ধ্যা খানিকটা হালকা কুয়াশার পড়ে, তার সঙ্গে এক চিমটি হিমেল হাওয়া। ব্যস, শীতের নাচন এখানেই শেষ। উত্তরাঞ্চলে অবশ্য কনকনে ভাবটা একটু জেঁকে বসেছে। তা-ও সে রকম নয়।

আবহাওয়া অধিদপ্তরের হিসেবের খাতায় ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে থাকে শীতের মৌসুম। কিন্তু গতকাল রোববার আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসের প্রথমার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

কেন এই পূর্বাভাস? এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, একটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন শীত খুব একটা পড়ছে না। আরব সাগরে রয়েছে ঘূর্ণিঝড় অক্ষি। শ্রীলঙ্কার পার্শ্ববর্তী বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করেছে। এই লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের কারণে মেঘ ছুটে আসছে বাংলাদেশ উপকূলের দিকে। এ জন্য সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত শীতের আচরণ এমন থাকবে জানিয়ে সামছুদ্দীন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় অক্ষি ও নিম্নচাপের প্রভাব ডিসেম্বর মাসের প্রথমার্ধ (প্রথম ১৫ দিন) পর্যন্ত থাকতে পারে। এর পর থেকে শীতের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ডিসেম্বর মাসের পূর্বাভাস থেকে জানা গেছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসের শেষের দিকে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। এ সময় দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু ও মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু শৈত্যপ্রবাহে কারণে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি এবং মাঝারি শৈত্যপ্রবাহ হলে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এ ছাড়া সারা দেশেই কুয়াশা থাকতে পারে। তবে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে।

দেশে তাপমাত্রার পারদ বেশ ধীর গতিতে নামছে। সাত দিনে মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও কমেনি। ২৮ নভেম্বর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে এটি ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

২৮ নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজও সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, যারা মাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।