ইন্দিরা রোড ময়লা পানিতে সয়লাব

সুয়ারেজ লাইনের ময়লা পানিতে সয়লাব হয়ে আছে রাজধানীর ইন্দিরা সড়ক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুয়ারেজ লাইন ভেঙে যাওয়ায় প্রায় এক মাস ধরে এই সড়কে ময়লা পানি জমে আছে। কিন্তু লাইনটি সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না ওয়াসা কর্তৃপক্ষ।
পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন এই ময়লা পানি মাড়িয়ে চলাচল করেন তাঁরা। এতে এলাকার অনেকেরই চর্মরোগ দেখা দিয়েছে। আর ময়লা পানির দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে আছেন সড়কের আশপাশের বাড়ির বাসিন্দারা। এই এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
গতকাল শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, ইন্দিরা সড়কের বিকল্প মডেল কলেজের সামনে থেকে ১০২/১ পর্যন্ত সড়কে জমে আছে সুয়ারেজ লাইনের ময়লা পানি। সড়কের কয়েকটি স্থানে এক থেকে দেড় ফুট পর্যন্ত পানি জমে আছে। পানি মাড়িয়ে চলাচল করছেন কয়েকজন পথচারী। তবে অধিকাংশ মানুষই ১০ টাকা রিকশা ভাড়া দিয়ে এই পথ পাড়ি দিচ্ছেন। পানি সেচের জন্য সড়কে বন্ধ অবস্থায় একটি মেশিন পড়ে থাকতে দেখা গেছে।
ইন্দিরা সড়কের বিকল্প মডেল কলেজের সামনে রিকশার জন্য দাঁড়িয়ে আছেন শুক্রাবাদের স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন। তিনি বলেন, কয়েক শ ফুটের এই পথটুকু পাড়ি দিতে ১০ টাকা রিকশা ভাড়া দিতে হয়৷ আর মহল্লার নিম্ন আয়ের লোকজন প্রতিদিন এই ময়লা পানির ওপর দিয়েই চলাচল করেন৷
ডিএনসিসির ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান খান প্রথম আলোকে বলেন, প্রায় ৩০ থেকে ৪০ বছর আগের এই সুয়ারেজ লাইন সংস্কার করতে ওয়াসাকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ওয়াসা কোনো ধরনের সহযোগিতা করছে না। তবে পানি অপসারণে নিজ খরচে একটি সেচ মেশিন সড়কে বসানো হয়েছে।