
ফুলের নাম ইয়েস্টারডে-টুডে-টুমরো। একই গাছে একসঙ্গে তিন রঙের ফুল দেখা যায়। হালকা বেগুনি, গাঢ় বেগুনি ও সাদা রঙের আলাদা আলাদা ফুল। বাহারি এই ফুলগাছ রয়েছে চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর হর্টিকালচার সেন্টারে। শুধু নাম আর রঙের বাহারই নয়, এর মনমাতানো সুগন্ধও আকর্ষণ করবে যে কাউকে। বাতাস অনুকূলে থাকলে দূর থেকেই এর সুগন্ধ টের পাওয়া যায়। এ ফুলটির বৈজ্ঞানিক নাম Brunfelsia bonodora। ফুলের অন্য নাম মর্নিং, নুন অ্যান্ড নাইট। ব্রাজিল রেইন-ট্রি নামেও পরিচিত।
কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ব্রিটিশ রয়্যাল হর্টিকালচার সোসাইটি থেকে ইয়েস্টারডে-টুডে-টুমরো ফুলকে উদ্যান ফুল হিসেবে পুরস্কৃত করেছে। তাই এটি অভিজাত ফুলও বটে। ব্রাজিলের রেইন ফরেস্ট থেকে এর উৎপত্তি। চিরসবুজ উষ্ণমণ্ডলীয় বহুবর্ষজীবী গাছ হলেও এটি এক বেলা রোদ, এক বেলা ছায়া পছন্দ করে। এ ফুলের গাছ সহজে পানিনিষ্কাশন হয় এমন হালকা অম্ল মাটিতে ভালো জন্মে। এটি ৭ থেকে ১০ ফুট লম্বা ও ১০ থেকে ১২ ফুট বিস্তৃত হতে পারে। মাটি ও টবে চাষ করা যায়। লাগানোর সময় সার দিতে হয় না। গাছের বৃদ্ধি শুরু হলে বর্ষার সময় একবার সার দিলেই চলে। ডগা কেটে এর বংশবিস্তার করা হয়। ৩৬ থেকে ৪৮ ইঞ্চি দূরে দূরে লাইন করে গাছ লাগাতে হয়।
এ ফুলটির বৈশিষ্ট্য হচ্ছে, ফুল ফোটার দিন হালকা বেগুনি, পরের দিন গাঢ় বেগুনি ও তার পরের দিন সাদা রং ধারণ করে এবং তিন দিনেই ঝরে পড়ে। ঝরে পড়ার পর পর্যায়ক্রমে বারবার ফোটে এই ফুল। তবে শীতকাল ছাড়া সারা বছরই দেখা যায় এ ফুল।