ঈদের দিনও বৃষ্টি হতে পারে, তবে কম
ঈদে নতুন পোশাক পরে মহল্লা আর আত্মীয়ের বাড়ি ঘুরে বেড়াতে কার না শখ হয়। কিন্তু সেই শখ পূরণে বাগড়া দিতে যেন প্রস্তুতি নিচ্ছে মেঘের দল। গতকাল সোমবার সকাল থেকে আকাশজুড়ে মেঘের দল জানান দিচ্ছিল, বৃষ্টি ঝরাতে তারা আসছে। দুপুরের পর রং পাল্টে মেঘের রং কালো হলো। বিকেলে নামল বৃষ্টি। তখন অনেকেই ঈদের দিনের আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়লেন। কারণ, আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ মঙ্গলবারও গতকালের মতো বৃষ্টি হতে পারে। কাল বুধবার ও পরদিন বৃহস্পতিবারও হতে পারে বৃষ্টি। তবে এর আগের দিনগুলোর তুলনায় বৃষ্টি কিছুটা কমতে পারে। বিশেষ করে সকালে বৃষ্টি কম ও বিকেল থেকে বাড়তে পারে। এই পূর্বাভাস সঠিক হলে ঈদ বৃষ্টিমুখর হওয়ার সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, দুই দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। আগামীকাল থেকে বৃষ্টি কমে আসতে পারে। তবে সকালে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও বেলা বাড়লে বৃষ্টিও বাড়তে পারে।
এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে পশ্চিমবঙ্গ ও আসামের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, টানা দুই সপ্তাহ পর মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠেছে। ফলে পশ্চিমবঙ্গ ও আসামে এবং বাংলাদেশে আগামী কয়েক দিন টানা বৃষ্টি হবে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা মৌসুমি বায়ু হঠাৎ সক্রিয় হয়ে কত দিন বৃষ্টি ঝরাবে, তা অবশ্য ওই পূর্বাভাসে বলা হয়নি।
আসাম ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া প্রায় একই বলয়ে অবস্থিত। অর্থাৎ এই তিন এলাকায় মৌসুমি বায়ু প্রায় একই সময়ে একই ধরনের আচরণ করে। সেই হিসেবে ঈদের ছুটির তিন দিন বৃষ্টিমুখর হওয়ার সম্ভাবনাই রয়েছে পূর্বাভাসে।
গতকাল রাজধানী ঢাকাতেই ৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে টেকনাফে, ১৬৪ মিলিমিটার। এ ছাড়া দেশের প্রায় সব স্থানেই কমবেশি বৃষ্টি হয়েছে। সূর্য সারা দিন মেঘে ঢেকে থাকায় তাপ খুব একটা পড়তে পারেনি। ফলে দুই দিন আগের তুলনায় গতকাল তাপমাত্রা এক লাফে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। গতকাল দেশের বেশির ভাগ স্থানের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ছিল।