উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে তিন নম্বর সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গ উপকূলের অদূরে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত আছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান বলেছেন, এই লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক–সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তা ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক শাহ আলম বলেন, আগামীকাল শনিবার বোঝা যাবে লঘুচাপটি কোন দিকে যাচ্ছে। গতিবিধি যা–ই হোক না কেন, এর প্রভাবে বৃষ্টি আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সকাল ছয়টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৪০ কিলোমিটার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। আবহওয়া অধিদপ্তর আরও বলছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।