উত্তরাঞ্চলে আবার হাড়কাঁপানো শীত
দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় গত কয়েক দিন ধরে আবার তীব্র শীত পড়ছে। কনকনে ঠান্ডার মধ্যে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও শ্রমিকেরা। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে দুস্থদের। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: মাঘের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছে চর-দ্বীপচর ও নদীর তীরবর্তী এলাকার মানুষ। কুড়িগ্রাম কৃষি বিভাগ ও রংপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম অঞ্চলে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ অবস্থা আরও দুই থেকে তিন দিন থাকতে পারে। জেলা প্রশাসক এ বি এম আজাদ জানান, এ জেলায় ঠান্ডার মাত্রা আবারও বেড়ে গেছে।
নীলফামারী: কয়েক দিনের হাড়কাঁপানো কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে নীলফামারী জেলার মানুষ। শীতের কারণে কাজে যেতে না পারায় পরিবার-পরিজন নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্বল্প আয়ের দিনমজুর ও কৃষি শ্রমিকেরা। গতকাল সোমবার সৈয়দপুর আবহাওয়া কার্যালয় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। গত তিন দিন ধরে এ অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠা–নামা করছে।
বদরগঞ্জও তারাগঞ্জ (রংপুর): তীব্র শীতে কাঁপছে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার মানুষ। গত শুক্রবার থেকে গতকাল সোমবার পর্যন্ত চার দিন সূর্যের মুখ দেখা যায়নি। রংপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি এবং শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): গত দুই দিন ধরে সারা উপজেলায় বৃষ্টির মতো শিশির ঝরছে। এর সঙ্গে বইছে হিমেল হাওয়া। নসিমনচালক বেতুয়া গ্রামের আবু সাইদ বলেন, হরতাল-অবরোধে গাড়িতে যাত্রী উঠলেও শীতে কাবু হয়ে যাচ্ছি। গত শনিবার থেকে সূর্যের মুখ দেখা যায়নি। শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শিশু ও বয়স্করা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, বর্তমানে প্রতি দিন ৫০-৬০ জন শীতজনিত নানা রোগ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে আসছে।