ফরিদপুরে বাঁধে ভাঙন, শিশুসহ তিনজনের মৃত্যু
উত্তরাঞ্চলে বন্যা অপরিবর্তিত, মধ্যাঞ্চলে পরিস্থিতির অবনতি

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় কিছুটা অবনতি হয়েছে। ফরিদপুরে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। বন্যার পানিতে ডুবে মারা গেছে দুই শিশুসহ তিনজন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে গতকাল সোমবার বাসস জানায়, গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম ও মানিকগঞ্জের আরিচাঘাট পর্যন্ত সব কটি পয়েন্টে নদ-নদীর পানি কমেছে। আগামী ২৪ ঘণ্টায় পদ্মার পানি স্থিতিশীল থাকতে পারে। ফলে রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে বন্যা অপরিবর্তিত থাকতে পারে। ঢাকার আশপাশে বুড়িগঙ্গা, বালু ও শীতলক্ষ্যার পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পাউবোর ৯০টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৩৭টিতে পানি বেড়েছে ও ৪৭টিতে কমেছে। তিনটি স্টেশনের পানি অপরিবর্তিত রয়েছে। তিনটির তথ্য পাওয়া যায়নি। ১৯টিতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার জয়দেব সরকারের ডাঙ্গি গ্রামের কাছে গত রোববার রাতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে কয়েকটি গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ৩০০ পরিবার বাঁধ ও উঁচু সড়কে আশ্রয় নিয়েছে। বন্যায় গতকাল পর্যন্ত ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ৬৫টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ ছিল। এদিকে চরভদ্রাসনের ছমির ব্যাপারীর ডাঙ্গি গ্রামে মো. ফরহাদ ফকিরের ছেলে তাইম (২) গতকাল দুপুরে পানিতে ডুবে মারা গেছে।
মানিকগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে বিভিন্ন উপজেলার নতুন নতুন এলাকা। দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন বলেন, এ ইউনিয়নের ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দী। খাবার, বিশুদ্ধ পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। এখন পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি।
শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত জাজিরা ও নড়িয়া উপজেলার ৩০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এ দুই উপজেলার ১৬টি বিদ্যালয়ে পানি ঢোকায় এগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাজবাড়ীতে পদ্মার পানি বিপৎসীমার এক মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়ে যাওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
শেরপুরে ব্রহ্মপুত্র নদ ও দশআনী নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সদর ও শ্রীবরদী উপজেলার ৫৪টি গ্রামের ৪০ হাজার মানুষ পানিবন্দী রয়েছে। পানিতে ডুবে সদর উপজেলার কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে মমিন (৪) মারা গেছে। শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে পানি ওঠায় রোববার রাত থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে
গেছে। এতে জামালপুর ও টাঙ্গাইল হয়ে ঢাকার সঙ্গে শেরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
গাইবান্ধায় ১০টি নদ-নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পাউবো সূত্র বলেছে, ফুলছড়ি উপজেলার দুটি স্থানে বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত হয়েছে।
কুড়িগ্রামে বন্যার পানি গতকাল কিছুটা কমেছে। কিন্তু বানভাসি মানুষের দুর্ভোগ কমেনি। জেলায় বন্যায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। ৫৩টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৬৮৪টি পরিবার আশ্রয় নিয়েছে। গত দুই সপ্তাহে বন্যার পানিতে ডুবে মারা গেছে ১২ জন। বন্যাকবলিত স্থানগুলো পরিদর্শনে আজ মঙ্গলবার কুড়িগ্রাম যাচ্ছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।
সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমেছে। গতকাল সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে জেলার অন্যান্য নদীর পানি না কমায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। শাহজাদপুর আদালত ভবনে পানি ঢুকে পড়ায় এর কার্যক্রম পাশের একটি উঁচু ভবনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে জেলার ছয়টি উপজেলায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে।
জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ব্রহ্মপুত্রের পানি বেড়ে সদর উপজেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্রের পানি দেখতে গিয়ে জামালপুর পৌর এলাকার হেলাল উদ্দিন (৩০) গতকাল পানিতে পড়ে যান। পরে নাওভাঙাচর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদ এ জেড মোরশেদ আলী বলেন, তিন দিন ধরে এ উপজেলার সঙ্গে ঢাকার সড়ক ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
দুর্গত অঞ্চল ঘোষণার দাবি: রংপুরসহ উত্তরাঞ্চলের বন্যাকবলিত জেলাগুলোকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা এবং এসব জেলায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের দাবিতে রংপুরে গতকাল দুপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-মার্ক্সবাদী) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ঢাকার বাইরে সংশ্লিষ্ট জেলার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি)।