উত্তরাঞ্চলে বন্যার আরও অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় সুরমা নদীর পাড় ভেঙে লোকালয়ে ঢুকছে বন্যার পানি। গতকাল বিকেল পাঁচটার দিকে তোলা ছবি l প্রথম আলো
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় সুরমা নদীর পাড় ভেঙে লোকালয়ে ঢুকছে বন্যার পানি। গতকাল বিকেল পাঁচটার দিকে তোলা ছবি l প্রথম আলো

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলের আট জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে বগুড়া, জামালপুর ও সুনামগঞ্জের ধরমপাশায় অন্তত ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় পড়াশোনা বন্ধ রয়েছে। লাখ লাখ পানিবন্দী মানুষ পরিবার নিয়ে মানবেতর অবস্থায় আছে। এ ছাড়া নদীর তীরে বিভিন্ন জায়গায় ভাঙন অব্যাহত আছে।

কুড়িগ্রাম: ধরলা নদীর পানি বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ। সদর উপজেলার ভোগডাঙ্গা, পাঁচগাছি ও যাত্রাপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পড়েছে।

গতকাল রোববার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী রানীগঞ্জ ইউনিয়নে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে।

জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকদের তালিকা তৈরির কাজ চলছে। ত্রাণ বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে।

বগুড়া: সারিয়াকান্দিতে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় আরও বেড়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে জেলার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা বন্ধ আছে। এর মধ্যে সারিয়াকান্দিতে ৪৯টি, সোনাতলায় ১০ এবং ধুনটে ৯টি প্রতিষ্ঠান রয়েছে।

 অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম বলেন, ১২ ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। উপজেলার চরাঞ্চলের কাজলা, কর্ণিবাড়ী, বোহাইল, চালুয়াবাড়ী এবং নদীর ডান তীরবর্তী সারিয়াকান্দি সদর, হাটশেরপুর, কুতুবপুর, কামালপুর ও চন্দনবাইশা ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে।

কাজলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোশাররফ বলেন, ২৪ হাজার মানুষের জন্য মাত্র সাত টন চাল বরাদ্দ মিলেছে।

জামালপুর: এই জেলায়ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার পানি ওঠায় গতকাল থেকে ইসলামপুর উপজেলার ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেছে।

চার দিন ধরে জামালপুর জেলার তিনটি উপজেলার ১০টি ইউনিয়নের ৫০টি গ্রামের মানুষ পানিবন্দী রয়েছে। সেখানে এখনো ত্রাণ পৌঁছায়নি।

তবে জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, বন্যাকবলিত এলাকায় এ পর্যন্ত ৫০০ পরিবারকে শুকনো খাবার, ৩৫ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নীলফামারী: তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি গতকাল বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে ওঠে। ডিমলা ও জলঢাকা উপজেলার ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে।

পূর্ব ছাতনাই ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, ত্রাণ অপ্রতুল। বন্যায় মানুষজন কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে এখন পর্যন্ত ৬০ টন চাল ও প্রায় আড়াই লাখ টাকা বিতরণ করা হয়েছে। নতুন করে আরও বরাদ্দ চাওয়া হয়েছে।

ধরমপাশা (সুনামগঞ্জ): উপজেলার ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছে। এর মধ্যে পাঁচটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ও দাপ্তরিক কক্ষের ভেতরে পানি ঢুকে পড়ায় ওই বিদ্যালয়গুলোতে অঘোষিত ছুটি চলছে।

ফরিদপুর: গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে সদর ও চরভদ্রাসন উপজেলায় ভাঙন শুরু হয়েছে।

এদিকে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক, চরঝাউকান্দা ও সদর ইউনিয়নের প্রায় ২০ একর ৩০ শতাংশ জমির শস্যখেত পদ্মায় বিলীন হয়ে গেছে।

সিরাজগঞ্জ: যমুনার পানি বেড়ে কাজীপুর, শাহজাদপুর, সদর ও চৌহালী উপজেলায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। ১০ দিন ধরে এই চারটি উপজেলার ছয় শতাধিক বাড়িঘর ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া জেলার চরাঞ্চলসহ ২৪টি ইউনিয়নের শতাধিক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।

পাউবো ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এসব এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। ইতিমধ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি মসজিদ বিলীন হয়েছে। বর্তমানে আড়কান্দি চর, বাঐখোলা, ঘাটাবাড়ী, ভেকা ও পাচিলের নদী তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহজাহান আলী জানান, কাওয়াকোলা ইউনিয়নের ৮০ ভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইউপি চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা জমা দেওয়ার পরই সরকারি সহায়তা দেওয়া হবে।

সুনামগঞ্জ: নদী ও হাওরে পানি বৃদ্ধি অব্যাহত আছে। গতকাল সন্ধ্যা ছয়টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পাউবোর কর্মকর্তারা বলছেন, সুরমা নদীর পানি গত ১০ বছরের মধ্যে এত বাড়েনি।

সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় সড়ক ভেঙে ঢলের পানি ঢুকছে। গতকাল পর্যন্ত পৌর শহরের কাজীর পয়েন্ট, তেঘরিয়া, মল্লিকপুর, ওয়েজখালী, ফিরোজপুর, হাছননগর এলাকায় ঢলের পানি ঢুকেছে। সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এলাকায় খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে।

গাইবান্ধা: গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ১৮ সেন্টিমিটার, করতোয়া নদীর পানি ১২ সেন্টিমিটার, ঘাঘট নদের পানি ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। চারটি উপজেলার আরও আটটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ নিয়ে চার উপজেলার মোট ২৭টি ইউনিয়ন প্লাবিত হলো। এসব ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।